বিজেপির সৌমিত্রকে চিঠি তৃণমূলের সুজাতার! কাতর আবেদনে জল্পনা রাজ্য রাজনীতিতে
বিজেপির সৌমিত্রকে চিঠি তৃণমূলের সুজাতার! কাতর আবেদনে জল্পনা রাজ্য রাজনীতিতে
শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) বিজেপিতে (bjp) যোগদানকে কটাক্ষ করে তৃণমূলে (trinamool congress) যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (soumitra khan) স্ত্রী সুজাতা (sujata mondal khan) । তারপরের দিনই স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন সৌমিত্র। এবার সেই নোটিশের জবাব দিলেন সুজাতা।

সৌমিত্রকে চিঠি সুজাতার
প্রিয়তম সৌমিত্র বলে সম্বোধন করে চিঠি লিখেছেন সুজাতা। সেখানে তিনি লিখেছেন, তিনি (সুজাতা) মিউচুয়াল ডিভোর্স চেয়েছেন, এটা সত্যি নয়। তিনি স্বামী সৌমিত্রের কাছে কোনও দিন ডিভোর্স চাননি বলেই দাবি করেছেন সুজাতা। ডিভোর্সে তিনি রাজি নন বলেও জানিয়েছেন। চিঠি তিনি উল্লেখ করেছেন, সৌমিত্রই তাঁর পরিবার। তাই তাঁর থেকে আলাদা হওয়ার কথা চিন্তা করতে পারেন না তিনি। চিঠিতে সুজাতা তাঁদের ১০ বছরের সংসার জীবনের কথা উল্লেখ করে বিজেপিকে নিশানা করে বলেছেন, তিনি (সৌমিত্র) অন্য রাজনৈতিক দলে আছেন বলে তৃণমূল কখনই তাঁকে (সুজাতা) বলবে না সৌমিত্রকে ত্যাগ করতে।

সৌমিত্রের 'দুই' চরিত্রের কথা উল্লেখ
চিঠিতে সুজাতা স্বামী সৌমিত্রের দুই চরিত্রের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তৃণমূলে যোগ দেওয়ার দুই ঘন্টার মধ্যে সৌমিত্র তাঁকে ঘরের লক্ষ্মী বলে সংবাদ মাধ্যমের সামনে কান্নাকাটি করেছিলেন। কিন্তু পরের দিনই তাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান। সুজাতা প্রশ্ন করেছেন, এ কোন সৌমিত্র, কোন সৌমিত্রকে তিনি বিশ্বাস করবেন। সুজাতা বলেছেন, কান্না যদি সত্যি হয়, তাহলে সৌমিত্র নিজে নোটিশ পাঠাতে পারেন না। এক্ষেত্রে রাজনৈতিক গুরুদের নির্দেশে সৌমিত্র নোটিশ পাঠিয়েছেন বলে চিঠিতে লিখেছেন সুজাতা। আর তা না হলে, মানুষকে বিভ্রান্ত করতে 'ঘরে লক্ষ্মী' বলে কুমিরের কান্নার অভিযোগ তিনি (সৌমিত্র) করেছিলেন।

সৌমিত্রের অভিযোগ মিথ্যা
সুজাতা চিঠিতে আরও দাবি করেছেন, সৌমিত্রের পাঠানো চিঠিতে তাঁকে (সুজাতা) নিষ্ঠুর, অমানুষ, সন্দেহবাতিকগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, পরিবার থেকে আলাদা হওয়ার জন্য জোর করা কিংবা পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঝগড়া করার অভিযোগও মিথ্যা।

বিজেপিকে সরাসরি নিশানা
চিঠিতে সুজাতা মণ্ডল বিজেপিকে সরাসরি নিশানা করেছেন। সুজাতা বলেছেন, সৌমিত্রে ডিভোর্সের নোটিশ পাঠানোই প্রমাণ করে দেয়, বিজেপি ক্ষমতায় এলে সব স্ত্রীকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হবে। একইসঙ্গে তিনি আরও দাবি করেন, বিজেপি সৌমিত্রকে ভুল বোঝাচ্ছে। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই তিনি লড়াই করবেন। চিঠিতে স্বামীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছেন সুজাতা। পাশাপাশি তিনি জানিয়েছেন, দিল্লির পাশাপাশি সল্টলেক, বাঁকুড়ার দুর্লভপুর এবং নবাসনের বাড়ি ও ফ্ল্যাটে থাকা তাঁর প্রয়োজনীয় জিনিস আনতে তিনি যাবেন। সৌমিত্রের প্রতি ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন সুজাতা।












Click it and Unblock the Notifications