১০ লক্ষের বেশি ফর্ম সংগ্রহ করার মতো কাউকে পাওয়া যায়নি, জানাল রাজ্য নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গে ১০ লক্ষেরও বেশি ভোটার তালিকা সংশোধনের (SIR) ফর্ম "অসংগ্রহযোগ্য" হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
এই এনুমারেশন ফর্মগুলি সংগ্রহ করার মতো কাউকে পাওয়া যায়নি। তার কারণ কারণ হিসেবে সিইও উল্লেখ করেছেন যে, ভোটাররা হয় অনুপস্থিত, ভুয়ো, মৃত অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন।

মনোজ কুমার আগরওয়াল বলেছেন, "আজ বিকেল ৪টে পর্যন্ত ৪.৫৫ কোটি ফর্ম সংগ্রহ ও ডিজিটালকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১০.৩৩ লক্ষ ফর্ম অসংগ্রহযোগ্য বা ফর্ম গ্রহণের মতো কাউকে পাওয়া যায়নি। এটি রিয়েল-টাইম ডেটা।" তিনি আরও জানান, রাজ্যে মোট ৭.৬৪ কোটি ফর্ম বিতরণ করা হয়েছে।
বর্তমান হিসাব অনুযায়ী, বিতরণ করা মোট ফর্মের ১.৩৫ শতাংশ "অসংগ্রহযোগ্য" বলে জানান আগরওয়াল। তিনি ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ায় বুথ-লেভেল অফিসারদের (বিএলও) ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের এই কাজের "প্রকৃত নায়ক" বলে অভিহিত করেন।
সিইও বলেন, অনেক বিএলও ভোটারদের কাছে পৌঁছাতে এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে অফিসের সময়ের পরেও কাজ করছেন। তাঁর কথায়, "বিএলওরা প্রশংসনীয় কাজ করছেন। তাঁরাই এসআইআর প্রক্রিয়ার প্রকৃত নায়ক। প্রক্রিয়াটি ৪ নভেম্বর শুরু হয়েছিল এবং মাত্র ২০ দিনের মধ্যে তাঁরা ৭ কোটিরও বেশি ভোটারের কাছে পৌঁছেছেন, যা সহজ কাজ নয়।"
রাজ্যে এসআইআর প্রক্রিয়ার জন্য ৮০,৬০০ এর বেশি বিএলও, প্রায় ৮,০০০ সুপারভাইজার, ৩,০০০ সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং ২৯৪ জন নির্বাচনী নিবন্ধন আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। বিএলওদের ইন্টারনেট সমস্যা প্রসঙ্গে কমিশনের এক আধিকারিক জানান, নিরবচ্ছিন্ন সংযোগের জন্য ওয়াইফাই হাব স্থাপন করা হয়েছে। তিনি বলেন, "ডেটা এন্ট্রির কাজে বিএলওদের সাহায্য করার জন্য ডিএম, ইআরও এবং বিডিও অফিসে হেল্প ডেস্ক রয়েছে। যেখানে ইন্টারনেটের সমস্যা আছে, সেখানে আলাদা ওয়াইফাই হাব স্থাপন করা হয়েছে।"












Click it and Unblock the Notifications