WB Budget DA Hike: ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের, কার্যকর এপ্রিলেই; বাংলার বাজেটে বিরাট সুখবর
WB Budget DA Hike: রাজ্য সরকারি কর্মচারীদের (WB Govt Employees) জন্য বিরাট সুখবর। চার শতাংশ বাড়ানো হল ডিএ ওরফে মহার্ঘ ভাতা (Dearness Allowance)। ডিএ বেড়ে হল ১৮ শতাংশ। ২০২৫ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। রাজ্যের বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বাজেটের ১৬৮ পাতায় উল্লেখ করা হয়েছে এমনটাই।
বাজেটে ডিএ বাড়ানো হবে কিনা সেদিকেও নজর ছিল রাজ্য সরকারি কর্মচারীদের। মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলনে সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে লড়াই চালাচ্ছেন তারা। এতদিন ১৪ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা।

২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ও ২০২৪ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সেই বৈষম্য দূর করার দাবি সরকারি কর্মচারীদের। আর এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বড় ঘোষণা রাজ্য সরকারের।
২০২৩ ও ২০২৪ অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন বাবদ ৮৯ হাজার কোটি টাকার মতো খরচ হয়েছিল রাজ্যের। ২০২৪ ও '২৫ অর্থবর্ষের বাজেটে ৯০ হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে রাজ্য। আর এবার একলাফে সেই অঙ্কটা আরও বাড়ল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পেশ করা হবে অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট। আর তাই ২০২৫ সালের তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাজেটে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলিতেই বাড়তি বরাদ্দ ঘোষণা হতে পারে এমন পূর্বাভাস ছিলই। পাশাপাশি ভোটের আগে ডিএ বাড়বে বলেও প্রত্যাশা রেখেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা।
অবশেষে সেই প্রত্যাশা পূরণ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই কার্যকর হবে বর্ধিত হারে ডিএ। তবে কেন্দ্রের সঙ্গে বিপুল ফারাক রইলই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫৩ শতাংশ হারে ডিএ দেয় মোদী সরকার। রাজ্য সরকারি কর্মচারীরা এবার থেকে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। আর তাই, ৩৫ শতাংশের বিরাট ব্যবধান রয়েই গেল।












Click it and Unblock the Notifications