বিহারে গেরুয়া ঝড়ে উজ্জীবিত রাজ্য বিজেপি, বিধানসভার সামনে লাড্ডু বিলি শুভেন্দুর
বিহারে গেরুয়া ঝড়ে উড়ে গেল মহাগঠবন্ধন। এনডিএ বিহারে আসন বাড়িয়ে শাসনক্ষমতা দখলে রাখায় উজ্জীবিত রাজ্য বিজেপি।
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আজ বিহার বিধানসভা নির্বাচনের ফল বের হতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লাড্ডু বিলি করা হয়। বিজেপি বিধায়করা হাজির হয়েছিলেন বাদ্যযন্ত্র নিয়েও।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, এক হি স্লোগান হ্যায়। বিহার কি জিত হামারি হ্যায়, অব বেঙ্গল কি বারি হ্যায়। অর্থাৎ, বিহারের জয় আমাদের, এবার বাংলাতেও জয় সুনিশ্চিত করতে হবে। বিহারের ক্ষমতা এনডিএ-র হাতে আসার পর রাজ্য বিজেপি আজ দাবি করেছে যে, এই ঢেউ এবার প্রতিবেশী রাজ্যে, অর্থাৎ বাংলাতেও পৌঁছে যাবে। এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের "অপশাসন" থেকে মুক্তি পেতে চান।
রাজ্য বিজেপি নেতৃত্ব আরও দৃঢ়তার সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবর্তিত 'সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্র বিহার এবং অন্যান্য এনডিএ-শাসিত রাজ্যগুলিতে উন্নয়নের পথ আলোকিত করে রাখবে।
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য 'এক্স'-এ পোস্টে লিখেছেন, "বিহারের এই বিশাল জনসমর্থনের ঢেউ পশ্চিমবঙ্গেও পৌঁছবে। বাংলার মানুষ পরিবর্তন চান। বাংলার মানুষ তৃণমূলের অভিশাপ থেকে মুক্তি চান। তাঁরা উন্নয়ন ও কর্মসংস্থান চান।"
কলকাতা মেট্রো ট্রেনের ঘোষণার অনুকরণ করে তিনি বলেন, "পরবর্তী স্টেশন; বাঁদিকে প্ল্যাটফর্ম...."। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কালীঘাট মেট্রো স্টেশনের একটি সাইনবোর্ডের ছবিও শেয়ার করেন।
শমীক ভট্টাচার্য আরও বলেন, "বাংলা আবার ভারতের সেরা হতে চায়। আর তা কেবল বিজেপির নেতৃত্বেই সম্ভব.....২০২৬ সালের নির্বাচন। তৃণমূলের অবসান।"
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিহার নির্বাচনের ফলাফলকে "গণতন্ত্র ও উন্নয়নের জন্য এক আলোড়ন সৃষ্টিকারী মুহূর্ত" হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, "বিহারের জনগণ স্পষ্ট ভাবে রায় দিয়েছেন। সে কারণেই এনডিএ জোটকে এক ঐতিহাসিক ও অভূতপূর্ব বিপুল জনরায় দিয়েছেন।"
শুভেন্দু আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ-র কল্যাণ, পরিকাঠামো এবং বিশেষ করে "নারী শক্তি"-র ক্ষমতায়নের উপর জোর দেওয়া প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে জোয়ার এনেছে। শুভেন্দুর কথায়, "সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্র ভবিষ্যতে বিহার এবং অন্যান্য এনডিএ-শাসিত রাজ্যগুলির জন্য এক উজ্জ্বল, আরও সমৃদ্ধ আগামীর পথ আলোকিত করে রাখবে।"
বিহার এবং ওডিশায় এনডিএ-র বিপুল বিজয়ের পর, আগামী বছর বাংলাই হবে পরবর্তী রাজ্য যেখানে বিজেপি এক চমকপ্রদ জয় অর্জন করবে বলে আশাবাদী শুভেন্দু।
'মিশন বেঙ্গল' ট্যাগলাইন-সহ একটি পোস্টে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, তৃণমূলকে উপড়ে ফেলে "এবার বাংলার জঙ্গল পরিষ্কার করার সময় এসেছে।"












Click it and Unblock the Notifications