এসআইআর প্রসঙ্গে তৃণমূল ও বিজেপির তরজা, কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে কাল শ্রীরামপুরে সুকান্ত
পশ্চিমবঙ্গে আসন্ন ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার আগে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন। ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক মন্তব্যের মাধ্যমে এই বাগযুদ্ধ চরমে ওঠে।
সুকান্ত মজুমদার রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি, বর্তমানে তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ।

সুকান্ত এদিন সতর্ক করে দিয়েছিলেন যে, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনওরকম অশান্তি হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, এমনকী গুলিও চলতে পারে। তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের সূত্রপাত। সুকান্তর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান কল্যাণ। বাংলার ভোটারদের হুমকি দেওয়ার জন্য তিনি সুকান্তকে অভিযুক্ত করেন এবং তাঁকে তাঁর নির্বাচনী এলাকায় (শ্রীরামপুর) আসার চ্যালেঞ্জ জানান।
একটি জনসভায় চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশন শুধু একজন ভোটারকে তালিকা থেকে বাদ দিক, তারপর দেখুন কী হয়। আমরা সব কিছু অচল করে দেব। ওই ছেলেটা যে মন্ত্রী হয়েছে, তাকে বলুন সিআইএসএফের গুলি তাদের লাগবে। সাহস থাকলে শ্রীরামপুরে আসুন। দেখি কীভাবে বাড়ি ফেরেন।" কেন্দ্রীয় মন্ত্রীকে 'তুই তোকারি' করে কল্যাণ সম্বোধন করে সকলকে অবাক করে দেন।
সুকান্ত মজুমদার পাল্টা জবাবে বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য "মানসিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক শালীনতার অভাব"কেই তুলে ধরেছে। বালুরঘাটে সাংবাদিকদের তিনি বলেন, "একজন বর্তমান সাংসদ একজন কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করার হুমকি দিচ্ছেন। এটা তাঁর মানসিক অবস্থা প্রকাশ করে। সক্রিয় রাজনীতির বয়স তাঁদের পেরিয়ে গেছে। তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। তিনি শিশুর মতো কথা বলছেন, কী বলছেন তা না বুঝেই। আমি তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমি আগামীকাল শ্রীরামপুরে যাচ্ছি। দেখি তিনি কতটা 'বাপের বেটা'।"
এই বাগযুদ্ধ ভোটার তালিকা সংশোধনের সম্ভাব্য রাজনৈতিক সংবেদনশীল প্রক্রিয়াকে ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে উত্তেজনাকে নতুন করে বাড়িয়ে দিয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক লাভের জন্য প্রক্রিয়াটিকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলেছে।
তৃণমূল দাবি করেছে যে সুকান্ত মজুমদারের মন্তব্য উস্কানিমূলক এবং "ভোটারদের আতঙ্কিত করার" উদ্দেশ্যে করা হয়েছে। তবে বিজেপি তাঁদের নেতাকে সমর্থন করে বলেছে যে, তিনি কেবল এটাই পুনরাবৃত্তি করেছেন যে এসআইআর প্রক্রিয়ার সময় আইন শৃঙ্খলা বজায় রাখা হবে।
শনিবার সুকান্ত মজুমদারের শ্রীরামপুর সফরের কথা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সংঘাত বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একটি প্রতীকী "শক্তি প্রদর্শনে"র রূপ নিয়েছে।












Click it and Unblock the Notifications