বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন
ভোটের সূচি ঘোষণা হয়ে যাওয়ার পর পরই রাজ্যজুড়ে জোরদার ভাবে প্রচারে নামছে একের পর এক রাজনৈতিক দল। তবে এখনও পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন প্রায় ৬০ লক্ষ ভোটার। কারণ তাঁদের নাম এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় রয়েছে। এবারের নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, সেই নিয়েও তৈরি হয়েছে নানারকমের প্রশ্ন।

SIR প্রক্রিয়ার মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম যাচাই করার জন্য 'বিবেচনাধীন' রাখা হয়। কমিশন জানিয়ে দিয়েছে যে, বিচারিক আধিকারিকরা নথি খতিয়ে দেখার পর এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করেছেন।
নির্বাচন কমিশনের এক বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন যে, সম্ভবত নিষ্পত্তি হওয়া ভোটারদের নামগুলি নিয়ে এই সপ্তাহের শেষেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। বিচারিক আধিকারিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আগামী শুক্রবার অথবা শনিবার সেই তালিকা প্রকাশিত হয়ে যেতে পারে।
তবে প্রায় ৩৯ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। পশ্চিমবঙ্গে এই বার মোট দুই দফায় ভোট হবে, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। সমস্ত দফার ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণা করা হবে ৪ মে। আর ভোট শুরু হওয়ার আগেই সমস্ত আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন। এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তুলেছে প্রশ্ন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে তাঁদের ট্রাইবুনালে আবেদন করার সুযোগ দিতে হলে পর্যাপ্ত সময়ও দেওয়া প্রয়োজন।












Click it and Unblock the Notifications