কড়া নজরদারিতে ভোট, আপত্তিতে সরব সরকার, বাংলায় শান্তিপূর্ণ ভোট করতে ৫ দফা বার্তা কমিশনের
ভোটের দিন ঘনিয়ে আসতেই বাংলার রাজনৈতিক আবহে বাড়ছে উত্তাপ, আর ঠিক সেই সময়েই কড়া বার্তা নিয়ে সামনে এল নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই শান্তিপূর্ণ, স্বচ্ছ ও ভয়মুক্ত ভোট নিশ্চিত করা।
কলকাতায় বৈঠক করে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট প্রক্রিয়ায় কোনও রকম অনিয়ম বা বিশৃঙ্খলার জায়গা নেই। বুথ দখল, ছাপ্পা ভোট কিংবা জ্যামিং এই সমস্ত অভিযোগ যাতে না ওঠে, তার জন্য নজরদারি আরও জোরদার করা হচ্ছে। কমিশনের তরফে পাঁচটি মূল বার্তা সামনে আনা হয়েছে, হিংসামুক্ত ভোট, স্বচ্ছ প্রক্রিয়া, জ্যামিং রোধ, ভোটারদের নিরাপত্তা ও প্রলোভন বা প্রভাব খাটানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এই পাঁচ স্তম্ভেই গড়ে তোলা হচ্ছে নির্বাচনী কাঠামো।

তবে এই কড়া অবস্থানের মাঝেই নতুন করে বিতর্কের সুর তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, কমিশনের কাজের ধরণে শালীনতা ও সাংবিধানিক সীমা লঙ্ঘিত হচ্ছে। এমনকি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের ছাপ রয়েছে ও রাজ্যের বাস্তব পরিস্থিতি সম্পর্কে কমিশনের পর্যাপ্ত ধারণা নেই। বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলেও তাঁর দাবি।
এছাড়া প্রশাসনিক রদবদল নিয়েও আপত্তি তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে, এমনকি অনেককে যথাযথ প্রশিক্ষণ ছাড়াই দায়িত্ব দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন তিনি। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থাকেই দুর্বল করে দিতে পারে।
একদিকে কমিশনের কঠোর নজরদারি ও নির্দেশিকা, অন্যদিকে রাজ্য সরকারের তীব্র আপত্তি, এই টানাপোড়েনের আবহেই বাংলার নির্বাচন এগোচ্ছে এক অনিশ্চিত কিন্তু গুরুত্বপূর্ণ মোড়ের দিকে।












Click it and Unblock the Notifications