মহাবিদ্যালয়ে বসেই মদের আসর, গ্লাস-বোতল হাতে 'উল্লাস' তৃণমূলের ছাত্রনেতার! ভিডিও ফাঁস হতেই অভিযুক্ত বললেন...
Trinamool Congress Viral Video: তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে মদের আসর বসানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউড়ি এবং তার সামনে রয়েছে মদের বোতল। শুধু তাই নয়, একেবারে চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করতেও দেখা যাচ্ছে ওই তৃণমূল নেতাকে।
এখানেই শেষ নয়, অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছেন আর বলছেন, আমাদের তুফানগঞ্জ কলেজের ছাত্র নেতা ধীমান দেউড়ি এখন মদ খাচ্ছেন। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল (Trinamool Congress Viral Video) হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এভাবে মোহাবিদ্যালয়ে বসেই মদের আসর, নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি ঘটনার নিন্দা জানিয়েছেন নাগরিক সমাজও। বলে রাখা প্রয়োজন, গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহাবিদ্যালয়েও বন্ধ রয়েছে ছাত্র সংসদ নির্বাচন।
এই প্রসঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন - এই ঘটনা প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস জাতির লজ্জা শিক্ষার লজ্জা। পড়াশোনার পরিবেশ নষ্ট করতেই শাসদলের নেতারা শিক্ষাগণে যায় বলে কটাক্ষ এবিভিপি নেতার। শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের ভর্তির নাম করে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে বলেও অভিযোগ।
দীপ্ত বলেন, ছাত্র-ছাত্রীদের ভর্তির নাম করে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে। আর তা দিয়েই মদ্যপানের আসর। এই বিষয়ে কলেজের অধ্যক্ষকে ৪৮ ঘণ্টার চরম সময় বেঁধে দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। নেতার দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
অন্যদিকে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা ধীমান দেউড়ির দাবি, সম্পূর্ণ ভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে এআইয়ের মাধ্যমে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। কালিমালিপ্ত করার জন্যই বিরোধীদের এই উদ্যোগ। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই মহাবিদ্যালয়ে কোন ছাত্র-ছাত্রীদের ইউনিট নেই, তাই তারা কয়েকজন ও ছাত্র-ছাত্রী মিলে মহাবিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রেখেছেন।
অপরপক্ষে এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভম সরকার বলেন - এই ভিডিও সত্যতা আগে যাচাই করা হবে তারপর তা নিয়ে উচ্চ নেতৃত্বকে জানানো হবে। তৃণমূল ছাত্র পরিষদ কখনোই এই সমস্ত ঘটনা বরদাস্ত করে না। তবে অবশ্যই ভিডিওর সত্যতা যাচাই করা হবে।
এই প্রসঙ্গে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবাশীষ চট্টোপাধ্যায় বলেন - ভিডিও ভাইরাল হয়েছে এটা তার জানা নেই, তিনি এর সত্যতা যাচাই করবেন। অন্যদিকে ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।












Click it and Unblock the Notifications