রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, গন্তব্যে যেতে কোন পথ ধরবেন?
ফের বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা পুলিশের। গত রবিবারের পর ফের আগামী রবিবার। এবার ১৬ ঘণ্টা বন্ধ রাখা হবে এই সেতু। আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কলকাতা পুলিশ। গন্তব্যে যাতায়াত করতে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ ধরার কথাও বলা হয়েছে।

অনেক দিন ধরেই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যার জেরে যানজটের সমস্যাও হচ্ছে। তারই মধ্যে দুর্গাপুজো আসতে এক মাসও বাকি নেই। ফলে জোরকদমে কাজ চলছে। আগামী রবিবার ভোর পাঁচটা থেকে রাত ৯টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হবে। মেরামতির পাশাপাশি স্টে অ্যান্ড ডাউন কেবল ও বিয়ারিং নতুন করে বসানোর কাজ চলছে। যাত্রী সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
সেতু বন্ধ থাকার ফলে কোন রাস্তা ধরতে হবে তাও জানিয়ে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা। এজেসি বোস রোড থেকে বিদ্যাসাগর সেতুর জীরাট আইল্যান্ডের দিকে যে গাড়িগুলি আসবে সেগুলিকে টার্ফভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠিয়ে সেন্ট জর্জেস গেট রোড রোড, স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে কিংবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরিয়ে কেপি রোডের দিকে পাঠানো হবে।
কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুর জে ও এন আইল্যান্ডের দিকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরার জন্য। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড দিয়ে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজ ধরতে বলা হচ্ছে। কেপি রোড থেকে আসা গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট, ১১ ফারলং গেট, কেপি রোড, রেড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। এ ছাড়াও প্রয়োজনমতো যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications