বন্দে ভারত স্লিপারে থাকছে না আরএসি, ভাড়া-সহ বেশ কিছু বড় ঘোষণা রেলের
বন্দে ভারত স্লিপার ট্রেনে রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন (RAC) বা আংশিকভাবে নিশ্চিত টিকিটের কোনও সুযোগ থাকবে না। রেলওয়ে বোর্ডের তরফে এই বিষয়টি স্পষ্ট করা হলো।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ট্রেনের জন্য সর্বনিম্ন ৪০০ কিলোমিটারের ভাড়া প্রযোজ্য হবে। আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কামাখ্যা-হাওড়া রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ১ জানুয়ারি এসি ১, এসি ২ এবং এসি ৩ শ্রেণির জন্য সম্ভাব্য ভাড়া ঘোষণা করেছিলেন। ৯ জানুয়ারির সার্কুলার অনুযায়ী ভাড়ার বিস্তারিত কাঠামো প্রকাশ করা হয়েছে। ১ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে ভ্রমণের জন্য এসি ১-এর নিশ্চিত বার্থ বাবদ ১৫২০ টাকা, এসি ২-এর জন্য ১২৪০ টাকা এবং এসি ৩-এর জন্য ৯৬০ টাকা ধার্য করা হয়েছে। ৪০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে, প্রতি কিলোমিটারের হিসেবে ভাড়া এসি ১-এর জন্য ৩.২০ টাকা, এসি ২-এর জন্য ৩.১০ টাকা এবং এসি ৩-এর জন্য ২.৪০ টাকা ধার্য করা হবে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: "প্রযোজ্য পণ্য ও পরিষেবা কর (GST) আলাদাভাবে নেওয়া হবে। সর্বনিম্ন কার্যকর দূরত্ব ৪০০ কিমি। ভাড়ার ক্ষেত্রে প্রচলিত নীতি অনুযায়ী রাউন্ডিং অফ হবে।
এই ট্রেনে শুধু নিশ্চিত টিকিট মিলবে, আরএসি/ওয়েটিং লিস্টেড/আংশিক নিশ্চিত টিকিটের কোনও ব্যবস্থা থাকবে না।" এতে আরও বলা হয়: "শুধু মহিলা কোটা, বিশেষভাবে সক্ষম (PwD) কোটা, সিনিয়র সিটিজেন কোটা এবং ডিউটি পাস কোটা থাকবে। অন্য কোনও রিজার্ভেশন কোটা এই ট্রেনে প্রযোজ্য নয়।"
আসন বন্টন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: "শিশুর জন্য আলাদা বার্থের প্রয়োজন না হলে, লোয়ার বার্থ বরাদ্দ হবে (যদি উপলব্ধ থাকে)। ষাটোর্ধ্ব পুরুষ ও পঁয়তাল্লিশোর্ধ্ব মহিলার ক্ষেত্রেও উপলব্ধতা সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে লোয়ার বার্থের চেষ্টা করা হবে।" পেমেন্ট ও রিফান্ড প্রসঙ্গে বোর্ড যোগ করেছে: "২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড চালু করতে সব পেমেন্ট শুধু ডিজিটাল মাধ্যমে করা হবে। কাউন্টারের টিকিটেও ডিজিটালকে অগ্রাধিকার। গ্রাহক ডিজিটাল পেমেন্টে অক্ষম হলে, বাতিলকরণের রিফান্ড স্বাভাবিক শর্তে হবে।"
কর্মকর্তারা জানান, এই বাণিজ্যিক সার্কুলারে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে সাধারণ মানুষের কাছে জানানো হবে। নিয়মিত যাত্রীদের জন্য ট্রেনের বাণিজ্যিক পরিষেবা উদ্বোধনের পরই দ্রুত শুরু হতে পারে, যার তথ্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।












Click it and Unblock the Notifications