অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ব্যবহার করে অনুমতি ছাড়াই পণ্য বিক্রির অভিযোগে সরগরম আদালত চত্বর। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা নিজেই। তাঁর অভিযোগ, কোনও রকম চুক্তি ছাড়াই এক সংস্থা তাঁর ছবি ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিল, এমনকি কিছু ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবিও ব্যবহার করা হয়েছে।
এই প্রেক্ষিতে নিজের 'ব্যক্তিত্বের অধিকার' লঙ্ঘনের কথা তুলে ধরেন প্রসেনজিৎ। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের পাশাপাশি কপিরাইট আইন ও স্পেসিফিক রিলিফ আইনের আওতায় তিনি আইনি পদক্ষেপ নেন। স্পষ্টভাবে জানিয়ে দেন, অভিযুক্ত সংস্থার সঙ্গে তাঁর কোনও আনুষ্ঠানিক সমঝোতা ছিল না।

মামলার শুনানিতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। অভিনেতার পক্ষে আইনজীবীদের যুক্তি শোনার পর আদালত প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি স্বীকার করে অন্তর্বর্তী নির্দেশ জারি করে। নির্দেশে বলা হয়েছে, অবিলম্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ব্যবহার বন্ধ করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। আপাতত এই নির্দেশ কার্যকর থাকবে ২৭ মার্চ পর্যন্ত।
শুনানির সময় আদালত আরও উল্লেখ করে, কোনও শিল্পীর অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করা হলে তা তাঁর ভাবমূর্তি ও পেশাগত পরিচিতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির অভিনেতার ক্ষেত্রে এই ধরনের ব্যবহার গুরুতর ক্ষতির কারণ হতে পারে বলেই মত আদালতের। তাই অন্তর্বর্তী হস্তক্ষেপ জরুরি ছিল বলেও পর্যবেক্ষণ হাই কোর্টের।












Click it and Unblock the Notifications