পারদের ওঠানামায় ধোঁয়াশা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
কলকাতার আকাশে সোমবার সাত সকালে দেখা মেলে রোদের। বাতাসেও টুকটাক হালকা শীতের ছোঁয়া। কিন্তু এই অনুভূতি কি সত্যিকারের শীতের আগমনী বার্তা? নাকি আবারও শীত থেমে যাওয়ার খেলা? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উৎসাহে খুব বেশি ভরসা রাখতে বারণ।
উত্তর ভারতের দিকে ইতিমধ্যেই থামতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। হিমালয়ের কোল ঘেঁষে ঠান্ডা হাওয়া নামছে ঝঞ্ঝার ছায়া নিয়ে। ফলে কেন্দ্রবিন্দুতেই রয়েছে পূর্ব ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ। কিন্তু সমস্যা হচ্ছে, যেই শীত একটু জমাট বাঁধবে ভাবা যায়, অমনি ছুটে আসে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদেরা বলছেন, অক্টোবর থেকে ডিসেম্বরে পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতই হয়তো ঠান্ডার পথ আটকাবে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে পারদ ১৭ ডিগ্রির নিচে নামতে শুরু করেছে। অনেক জায়গায় রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি ছুঁয়েছে। কলকাতাও পিছিয়ে নেই, নতুন সপ্তাহে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছানোর সম্ভাবনা। তবে এই ঠান্ডা রোদ ঠান্ডা টানাপোড়েনে খুব বেশি আরামে শীত বসে যাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা।
আজ সোমবারের আকাশ পরিষ্কারই থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি, সর্বনিম্ন ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। হাওয়া শুকনো, তাই সকালে খানিকটা ঠান্ডার আমেজ মিললেও দুপুরে গায়ের ঘাম ফের চিনিয়ে দেবে শহুরে বাস্তবতা।
তবে শীতের স্থায়ী ঠিকানা পেতে গেলে অপেক্ষা আরও কিছুটা। কারণ প্রকৃত শীত টিকতে গেলে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে দাঁড়াতে হয় ৭০ শতাংশের নিচে। নভেম্বর মাসে সেই শর্ত মিলছে না।
উত্তরবঙ্গ অবশ্য দক্ষিণের চেয়ে এক ধাপ এগিয়ে। কুয়াশায় মুড়ে থাকা ভোর, রাতের শীতলতা সেখানকার জেলাগুলিতে শীতের উপস্থিতি এখনই চোখে পড়ছে। যদিও আপাতত উত্তরেও আবহাওয়া শুকনোই থাকবে।
রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি নিচে। সর্বনিম্ন ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি কম। আর্দ্রতা সর্বোচ্চ ৮২ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ এটাই শীতকে দোলাচলে রেখেছে।
শীত দরজায় এসেছে ঠিকই, তবে জাকিয়ে শীতের এখনো কিছুটা সময় লাগবে।












Click it and Unblock the Notifications