দুই স্ত্রী! SIR- ফর্মে কোন স্ত্রীর নাম লেখা থাকবে? তুঙ্গে বিতর্ক, শেষমেশ কী ঘটল? শোরগোল বাংলায়
দুই স্ত্রীর মধ্যে এনুমারেশন ফর্মে কার নাম থাকবে? দুই স্ত্রীই দাবি জানাচ্ছেন, তাঁরই নাম থাকবে এনুমারেশন ফর্মে! আর তা নাহলে ফর্মে নাম লেখার জন্য আর একটা ঘর করতে হবে। বাধ্য হয়ে স্বামীও আবদার করে বসলেন বিএলও-র কাছে। দুই স্ত্রীর নাম লেখার জায়গা দিতে হবে।মুর্শিদাবাদের ডোমকলে এসআইআর ফর্ম ঘিরে এক অদ্ভুত দাবি।

ডোমকলের রায়পুরের চোয়াপাড়ায় সুকুর মণ্ডলের বাড়িতে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়েছিলেন বিএলও। সেখানে গিয়েই বিড়ম্বনায় পড়লেন বিএলও। এনুমারেশন ফর্মে স্ত্রীর নাম লেখার জন্য একটাই ঘর আছে। কিন্তু সেই জায়গায় কার নাম বসবে? প্রথম পক্ষের স্ত্রীর নাকি দ্বিতীয় পক্ষের? এই নিয়ে দুই সতীনের লড়াই তুঙ্গে। দুই স্ত্রীর মধ্যে একজন বলছে তাঁরই নাম থাকবে আবার আর একজনও বলছে তাঁর নাম থাকবে এনুমারেশন ফর্মে। পরিস্থিতি সামলাতে না পেরে এবার স্বামীও একই আবদার করে বসলেন বিএলও-র কাছে। দুই স্ত্রীর নাম লেখার জন্য জায়গা করে দিতে হবে।
সুকুর মণ্ডলের প্রথম পক্ষের স্ত্রীয়ের নাম মমতা বিবি এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীয়ের নাম মর্জিনা বিবি। দু'জনই এনুমারেশন ফর্মে স্ত্রী হিসেবে নিজেদের নাম তোলার জন্য দাবি জানাচ্ছে দেখে কেরলে কর্মরত তাঁদের স্বামীও ফোনে বলেন, দু'জন স্ত্রীয়ের মধ্যে যে কোনও এক জনের নাম ফর্মে লেখা হলে অন্যজন রাগ করবেন। তা তিনি কোনও ভাবেই চান না। দু'জনের নামই ফর্মে দিতে হবে, না হলে ফর্মে নাম লেখার জন্য ঘর বাড়াতে হবে।
সমস্যা সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা বিএলও নাজমুন্নেসার। তিনি সামনাসামনি ভালভাবে বুঝিয়ে সমাধানের চেষ্টাও করেছেন। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। প্রথম স্ত্রী মমতার দাবি, "আমাদের দু'জনের মধ্যে খুব মিল। আমরা সব মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারি। যখন আমাদের মধ্যেই কোনো ঝামেলা নেই তাহলে তো সবাইকেও এটা মানতে হবে। ফর্মে কেন জায়গায় থাকবে না ? সরকারের দুজনেরই নাম লেখার জন্য জায়গা দেওয়া উচিত।"
ডোমকলের বিডিও পার্থসারথি মণ্ডলের দাবি, "যে প্রশ্ন উঠেছে তা সম্পূর্ণ যুক্তিযুক্ত। কিন্তু সত্যি বলতে এর সঠিক সমাধান আমার কাছে নেই। কমিশন কী জানাচ্ছে সেই অপেক্ষায় থাকব আমরা।"












Click it and Unblock the Notifications