তৃণমূল বিধায়কের দাদাগিরি! 'BLO-র হাত ভেঙে দেব', কারণ কী? বাংলায় নেতাদের এত বাড়াবাড়ি কেন?
'বৈধ কোনও ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিলে, প্রয়োজনে বিএলও-দের হাত ভেঙে দিতে হবে।' জেলায় জেলায় এখন শিবির করছে তৃণমূল। শুরু থেকেই এসআইআর-এর বিরোধিতা করেছে তৃণমূল। সেরকমই বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড়ে ভোট রক্ষার শিবির চলছিল। সেই শিবিরেই বিএলও-দের উদ্দেশ্য করে হুমকির সুর তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডলের। সেখানে কোনও বৈধ ভোটারের নাম যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় তাহলে BLO-দের হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডলের এরকম মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

আগেই এসআইআর আবহে তৎপর থাকার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই জায়গায় একটি ভোটরক্ষা শিবিরে উপস্থিত হয়েছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। কিন্তু সেখানেই BLO-দের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, "যদি বৈধ কোনও ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, তাহলে প্রথমে বিএলও-কে বোঝানো হবে। তিনি যদি না বোঝেন তাহলে প্রয়োজনে তাঁর হাত ভেঙে দিতে হবে।" বিধায়কের এরকম মন্তব্যে সেখানে উপস্থিত তৃণমূলকর্মীদের মধ্যে বয়ে চলে হাততালির ঝড়। ভাইরাল হতে থাকে বিধায়ক শ্যামল মণ্ডলের সেই ভিডিও।
কিন্তু বিধায়কের এরকম মন্তব্যে পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা বিকাশ সর্দার তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলকে কটাক্ষ করে 'বহিরাগত' বলেন। তিনি শ্যামল মণ্ডলকে উদ্দেশ্য করে আরও বলেন যে, "সাহস থাকলে একজন BLO-র গায়ে হাত দিয়ে দেখান। সরকারি অফিসারদের বারবার বাধা দিলে, বিজেপি শ্যামল মণ্ডলকে ক্যানিং থেকে বের করে দেবে।"












Click it and Unblock the Notifications