নন্দীগ্রাম সমবায় ভোটে সব আসনে জয়ী তৃণমূল, খাতা খুলতে পারল না বাম-বিজেপি
নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও সিপিএম একটি আসনেও জয়লাভ করতে পারেনি। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে এই পরাজয়ে গেরুয়া শিবির হতাশ। বুধবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ডের প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোট ১২টি আসনের সবকটিতেই জয়লাভ করে।
এই ফলাফলে শাসক শিবিরে বাঁধভাঙা আনন্দ। স্থানীয় বিজেপি বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এমন পরাজয়ে বিজেপির পাশাপাশি সিপিএমও হতাশ।

এই সমবায় নির্বাচনে বিজেপি ও সিপিএম জোট বেঁধে ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেখানে তৃণমূল ১২টি আসনে প্রার্থী দিয়েছিল। এর ফলে ভোটের আগেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩টি আসনে জয়লাভ করে। বাকি ৯টি আসনে ভোট অনুষ্ঠিত হলেও প্রত্যেকটিতে শাসক দলের জোট জয় পেয়েছে।
বিজেপি-সিপিএম জোটের এই পরাজয়কে নন্দীগ্রামে তৃণমূলের শক্তি বৃদ্ধির সূচক হিসেবে দেখছে শাসক শিবির। ভোটের আগে আরও বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে বলেও মনে করা হচ্ছে।
তৃণমূলের দাবি, ধর্মের রাজনীতি মানুষ পছন্দ করে না। অশুভ আঁতাত ভেঙে মানুষ ঘাসফুলকে জিতিয়েছে। অন্যদিকে বিরোধীদের দাবি, সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তৃণমূল এখানে জয় পেয়েছে।












Click it and Unblock the Notifications