জনসংযোগে জোর তৃণমূলের, ব্লকে ব্লকে হবে বিজয়া সম্মিলনী
দুর্গাপুজো মিটতেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য কোমর বাঁধছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস প্রতি বছরের মতো এবারও জোর দিচ্ছে জনসংযোগে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি হাজার তিনেক পুজোর উদ্বোধন করেছেন। মেয়েকে নিয়ে বিভিন্ন মণ্ডপে ঘুরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, উৎসবের আবহে জনসংযোগের বড় সুযোগ হাতছাড়া না করে ব্লকে ব্লকে জনসংযোগ সারবে দল। ভোটের আগে যা হতে পারে মাস্টারস্ট্রোক। জনসংযোগ কোথায় কীভাবে হবে তার পরিকল্পনা খোদ অভিষেকই করেছেন বলে দলীয় সূত্রে খবর।
যেহেতু প্রতি বছরই তৃণমূল জনসংযোগের জন্য বিজয়া সম্মিলনী করে থাকে, ফলে বিষয়টি নতুন নয়। কিন্তু এবার বিষয়টি রাজনৈতিক মহলের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে আগামী বছর বিধানসভা ভোট থাকায়। কালীপুজোর আগে অবধি চলবে এই বিজয়া সম্মিলনী। ইতিমধ্যেই বিভিন্ন জেলার জন্য ৫০ জনের বেশি বক্তার তালিকা তৈরি করা হয়েছে।
এই তালিকায় কাদের নাম রয়েছে তা স্পষ্ট নয়। তবে দলের গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরাই বিজয়া সম্মিলনীতে থাকবেন বলে খবর। সাংসদ, বিধায়ক, মুখপাত্রদের পাশাপাশি রাখা হচ্ছে যুব ও ছাত্র নেতৃত্বকে। ৫ অক্টোবর থেকে বিজয়া সম্মিলনী শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলবে ১৮ তারিখ অবধি। আমতলায় ১৩ অক্টোবর বিজয়া সম্মিলনীতে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যে জায়গায় তৃণমূল এখনও সাংগঠনিকভাবে দুর্বল সেই সব এলাকায় জনসংযোগে অতিরিক্ত জোর দেওয়া হবে। বিজয়া সম্মিলনীর মঞ্চেও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, বাঙালি অস্মিতার মতো বিষয়গুলি উঠে আসতে পারে বক্তাদের কথায়।












Click it and Unblock the Notifications