অনুপম হাজরাকে শোকজ করল তৃণমূল, এবার কোন শাস্তির মুখে বোলপুরের সাংসদ
দলবিরোধী কথা বলা তো বটেই, দলের নেতাদের বিরুদ্ধেও নানা মন্তব্য করায় বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে শোকজ করল তৃণমূল কংগ্রেস।
দলবিরোধী কথা বলা তো বটেই, দলের নেতাদের বিরুদ্ধেও নানা মন্তব্য করায় বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বারবার তাঁকে মৌখিকভাবে বারণ করা সত্ত্বেও স্যোশাল সাইটে নানা বিতর্কিত মন্তব্য করে পোস্ট করেছেন অনুপম। যে কারণেই তাঁকে শোকজ করা হয়েছে।

তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অনুপমকে চিঠি দিয়ে শোকজ করেছেন। দশদিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। গত কয়েকদিনে যেভাবে ফেসবুকে একেরপর এক বিতর্কিত পোস্ট তিনি করেছেন তা নিয়েই জানতে চাওয়া হয়েছে।
দল মনে করছে, অনুপম পোস্টের নামে ফেসবুকে যা লিখেছেন তা দলের নীতিগত অবস্থান থেকে অনেক দূরে। দলে থেকে তিনি কীভাবে এমন পোস্ট করতে পারেন? সেটা যেমন জানতে চাওয়া হয়েছে, তেমনই বলা হয়েছে, দলবিরোধী বক্তব্য করায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে দল ব্যবস্থা নিতে পারে। কেন দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তা ব্যাখ্যা করুন অনুপম।
আগামী তিন মার্চের তারিখের মধ্যে জবাব দিতে হবে। তারপরে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বসবে। সেখানেই চিঠির জবাবের ভিত্তিতে ঠিক হবে অনুপমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা।
বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে এমনিতেই সম্পর্ক মধুর নয় অনুপমের। তার উপরে একেরপর এক নেতার বিরুদ্ধে মুখ খোলায়, এমনকী অনুব্রতর পাশে থাকায় ঘুরিয়ে দলনেত্রী মমতাকেও কটাক্ষ করতে ছাড়েননি অনুপম। এক্ষেত্রে সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের আঁচে কতটা তপ্ত হতে পারেন অনুপম তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications