এসি লোকালের স্টপেজ চাই অশোকনগরে, না হলেই বৃহত্তর আন্দোলন! রেলকে জানালেন বিধায়ক নারায়ণ
বনগাঁ হয়ে শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে এসি লোকাল চালানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যে স্টেশনগুলিতে ট্রেনগুলি দাঁড়ানোর কথা নির্ধারিত রয়েছে তার মধ্যে উত্তর ২৪ পরগনার অশোকনগর রোড স্টেশনটি।
এই স্টেশনে স্টপেজ রাখার দাবি নিয়ে আজ ওই স্টেশনের স্টেশন মাস্টারের ঘরে অনুগামীদের নিয়ে হাজির হলেন তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।

উল্লেখ্য, এই স্টেশনে এসি লোকালের স্টপেজ না রাখা নিয়ে স্থানীয় মানুষজনের মধ্য়ে অসন্তোষ রয়েছে। ট্রেন না দাঁড়ানোর কারণও উপলব্ধি করতে পারছেন না তাঁরা। তাঁদের দাবিদাওয়া নিয়েই এদিন স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর থেকে এই নয়া এসি লোকাল চালানোর সিদ্ধান্ত হয়েছে। শিয়ালদহ ও বনগাঁর মধ্যে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগরে স্টপেজ দেওয়া হয়েছে। সেই তালিকায় নেই অশোকনগর। বিধায়ক নারায়ণ এদিন স্টেশন মাস্টার প্রদীপকুমার বিশ্বাসকে বলেন, অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নয়া স্টপেজের দাবির কথা জানাতে। স্টপেজ না রাখা হলে বৃহত্তর আন্দোলন হবে বলেও জানিয়ে দেন বিধায়ক।
স্টেশনে ট্রেনটি কেন দাঁড়াবে না তার সদুত্তর দিতে পারেননি স্টেশন মাস্টার। নারায়ণ জানান, এখানে প্রচুর যাত্রী। অনেক ব্যবসায়ীরাও যাতায়াত করেন। এই স্টেশন থেকে রেলের ভালো আয়ও হয়। ফলে অশোকনগরের মানুষের স্বার্থে স্টপেজের দাবিতে আন্দোলন যতদূর নিয়ে যেতে হয় যাব। প্রয়োজনে ডিআরএমের সঙ্গে দেখা করব। কিন্তু ট্রেন যদি না থামে তাহলে আন্দোলন বড় আকারে হবে। তাতে ট্রেন পরিষেবা ব্যাহত হলে তার দায় রেলকেই নিতে হবে। বিষয়টি জেলাশাসককেও জানাতে চলেছেন বিধায়ক।












Click it and Unblock the Notifications