বিজেপিকে ‘তোল্লাই’ দিতে রাজ্যে এসেছে একটা দল! কোয়ারেন্টাইনে রাখার নিদান মন্ত্রীর
বিজেপিকে ‘তোল্লাই’ দেওয়া দলকে কোয়ারেন্টাইনে রাখার নিদান মন্ত্রীর
কেন্দ্র থেকে একটা দল এসেছে রাজ্যে, তাঁদের কাজটাই হল বিজেপিকে তোল্লাই দেওয়া। আর সেই কাজটাই নিপুণ দক্ষতায় করে চলেছে কেন্দ্রের সেই দল। এবার উচিত শিক্ষা দিতে ওই দলকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর নিদান দিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর সাফ কথা, অনেক সম্মান দেখানো হয়েছে, এবার পাঠানো হোক কেয়ারেন্টাইনে।

ওঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোই সঠিক
তৃণমূলের মন্ত্রীর কথায়, কেন্দ্রীয় দলের সদস্যরা সবাই এসে্ছেন করোনা ভাইরাসের আঁতুড়ঘর থেকে। ওঁরা রাজ্যে ঢোকার পরই সটান কোয়ারেন্টাইনে পাঠানো উচিত ছিল। কিন্তু সম্মান দিয়ে ওঁদের পাঠানো হয়নি কোয়ারেন্টাইনে। কিন্তু এখন মনে হচ্ছে ওঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোই সঠিক।

বিজেপিকে তোল্লাই দেওয়াই ওঁদের কাজ
কেন্দ্রীয় টিমের প্রধান কাজই হচ্ছে বিজেপিকে তোল্লাই দেওয়া আর রাজ্যকে হেয় প্রতিপন্ন করা। তা ভিন্ন অন্য কোনও কাজ করছে না ওঁরা। বিজেপি যা বলছে, তাই করছে ওঁরা। এদের কোনও নির্দিষ্ট লক্ষ নেই। রাজ্যে এসে কাজে বিব্রত করা ছাড়া ওঁদের কোনও কাজ নেই। এবার কঠোর হওয়ার বার্তা দিলেন রবীন্দ্রনাথ।

ডেরেকের পর মন্ত্রী রবীন্দ্রনাথ
করোনা ভাইরাসের প্রকোপের বিরুদ্ধে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার দরকার, তখন রাজ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে বলে মোদী সরকারের বিরুদ্ধে এর আগে তোপ দেগেছিলেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা তথা দলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। এবার সরব হলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

‘ক্যালাস দল পুরোপুরি অকাজের’
ডেরেক কেন্দ্রীয় টিম তথা আইএমসিটি (ইন্টার মিনিস্টার সেন্ট্রাল টিম)-কে ইন্ডিয়াজ মোস্ট ক্যালাস টিম বলে আখ্যায়িত করেন। একইসঙ্গে তিনি আরও একটি নাম দেন আই মাস্ট কজ ট্রাবল অর্থাৎ আমি ঝামেলা করব-র দল। আর মন্ত্রী রবীন্দ্রনাথ এই দলকে অকাজের বলে ব্যাখ্যা করে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর পরামর্শ দিলেন।

কেন্দ্রীয় দল ঘুরছে আর চিঠি লিখছে
উল্লেখ্য, কেন্দ্রের সিনিয়র আমলা অপূর্ব চন্দ্রের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের একটি দল (আইএমসিটি) রাজ্যে আসে। তারা শুধু চিঠির বন্যা বইয়ে দিচ্ছে আর রাজ্যকে দোষারোপ করে চলেছে। সম্প্রতি মুখ্যসচিব রাজীব সিনহাকে উদ্দেশ্য করে প্রথমে পাঁচটি, তারপর আরও দুটি চিঠি পাঠান।












Click it and Unblock the Notifications