Lok Sabha Election Results 2024: বিজেপির দুর্নীতি ইস্যু ডাঁহা ফেল, ভোট বাক্সে কামাল দেখাল লক্ষ্মীর ভান্ডারই
হু হু করে ভোট বাড়ছে তৃণমূল কংগ্রেসের। সব এক্সিট পোলকে মিথ্যে প্রমাণ করে রাজ্যে আসন সংখ্যা বাড়িয়ে চলেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে সবুজ আবিরের হোলি খেলা। কালীঘাটে উল্লাশ শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
বিজেপির দুর্নীতি ইস্যু যে এবারের লোকসভা ভোটে ডাঁহা ফেল করে গিয়েছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে ফলাফলেই। একের পর এক কেন্দ্রে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সন্দেশখালি থেকে বালুরঘাট কার্যত জয়ের পথে ঘাসফুল শিবির। কোন কারণে বাজিমাৎ করতে পারল তৃণমূল কংগ্রেস এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপির দুর্নীতি ইস্যু আদপে ধোপে টেকেনি। ইডি-সিবিআই-আয়কর সহ একে পর এক এজেন্সি শাসক দলের নেতাদের ডেরায় ঢুকে রীতিমতো রেড চালিয়েছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু রেশন দুর্নীতি কোনও কিছুই তেমন ভাবে প্রভাব ফেলেনি ভোটারদের মধ্যে। তার থেকে অনেক বেশি প্রভাব ফেলেছে কেন্দ্রে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া। আর সবার উপরে লক্ষ্মীর ভান্ডার।
একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় ঘোষণা করেছিলেন রাজ্যের সব মহিলাদের ৫০০ টাকা করে হাত খরচ দেবে রাজ্য সরকার। একুশের ভোটে বিপুল জয়ের পরে সবার আগে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কার্যকর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বছরে বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে তৃণমূল কংগ্রেসকে লোকসভা ভোটও অনেকটা এগিয়ে দিয়েছে সেটা স্পষ্ট হয়ে গেল আবার। এদিকে যে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে বিজেপি বাংলায় একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছিল। বিশেষ করে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যে বুমেরাং হয়ে গিয়েছে বিজেপির কাছে।
কয়লা পাচার কাণ্ড, রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি। একের পর এক দুর্নীতি ইস্যুেত শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের ঘরে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। একাধিক নেতা মন্ত্রী এখনও জেলে রয়েছেন। তারপরেও তৃণমূলের ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতে পারল না বিজেপি। উল্টে নিজেদের টার্গেটেও পৌঁছতে পারল না তাঁরা।












Click it and Unblock the Notifications