সিঙ্গুরে তৃণমূলে ভাঙন, লকেটের হাত থেকে বিজেপির পতাকা নিলেন কত জন?
রবিবার সিঙ্গুরের মাটিতে দলবদল। ২০০ এর কাছাকাছি তৃণমূল কর্মী, স্থানীয় নেতৃত্ব দলবদল করলেন। জোড়া ফুল থেকে পদ্মশিবিরে তারা গেলেন। আর এই অনুষ্ঠান হল বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই।
সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া এলাকায় রবিবার এই দলবদল অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। অন্যান্য বিজেপি নেতৃত্বও ছিলেন। তৃণমূলের সিঙ্গুর পঞ্চায়েত সমিতির দুই বারের প্রাক্তন সভাপতি প্রতিমা দলবদল করলেন।

এছাড়াও স্থানীয় তৃণমূল নেতৃত্বর অনেকেই এদিন দল বদল করলেন। বারুইপাড়া - পলতাগড় এলাকার তৃণমূল কর্মীরা বিজেপিতে গেলেন। ভোটের আগে এই ঘটনা বেশ গুরুত্বপূর্ণ। কারণ, তৃণমূল শিবির এবার ওই লোকসভা কেন্দ্রে জিততে চায়। কিন্তু নির্বাচনের আগে তৃণমূল শিবিরেই ভাঙন।
জানা গিয়েছে, সিঙ্গুরের মাস্টার মশাই প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী এদের মধ্যে অনেকেই। বেচারাম মান্নার সঙ্গে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের একসময় বিবাদ হয়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় টিকিট দেয়নি। পরে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন।
যদিও বিজেপির টিকিটে প্রার্থী হলেও হেরে যান মাস্টারমশাই। তার অনুগামীরা তৃণমূল কংগ্রেসেই ছিলেন। এবার অনেকেই দলবদল করে বিজেপিতে যোগ দিলেন। আরও কি লোকজনের বিজেপিতে যাওয়া বাকি রয়েছে? সেই প্রশ্ন উঠছে।
সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের খাসতালুকে এই দল বদল দেখা গিয়েছে। কতটা প্রভাব পড়বে ভোটে? তৃণমূল কি এই দলবদল সামলে নিতে পারবে? এই প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূল এই বিষয়ে খুব একটা মাথাব্যথা দেখাচ্ছে না। দলের মধ্যে কোনও সমস্যা হবে না। এই বার্তা দেওয়া হচ্ছে।
লকেট চট্টোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন। দলবদল করা তৃণমূল কর্মী সমর্থকদের হাতে বিজেপির পতাকা তিনি তুলে দেন তিনি। হুগলি কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করে চলেছেন লকেট চট্টোপাধ্যায়। এবারও জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।












Click it and Unblock the Notifications