ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে কলকাতা জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিশ। সভাস্থল সহ বেশকিছু এলাকাকে ঘিরে বহু স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ৩০০০ পুলিশকর্মী। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, নিরাপত্তার কাজে কোনও ড্রোন ব্যবহার করা হচ্ছে না।
শনিবার সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও ময়দান এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে। উর্দিধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মাঠে নেমেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল ও সমর্থকরা আসতে শুরু করলে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাকে একাধিক সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। কয়েকটি সেক্টর মিলিয়ে তৈরি করা হয়েছে জোন, যার দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পর্যায়ের আধিকারিকরা। গোটা নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন এডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমকুমার।
নির্ধারিত সূচি অনুযায়ী, অসম থেকে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি রেসকোর্স ময়দানে নামবেন। এরপর সড়কপথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবেন তিনি।
লালবাজার সূত্রে খবর, ব্রিগেড ও ময়দান সংলগ্ন এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে প্রায় ৫০টি পুলিশ পিকেট। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে কড়া চেকিং। সভাস্থল ও মঞ্চের আশপাশে নজরদারির জন্য বসানো হয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও মোতায়েন রয়েছে পুলিশ কুকুর।
তবে ব্রিগেড এলাকা নো ফ্লাই জোন হওয়ায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও ড্রোন ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, নিরাপত্তার কারণে সভাস্থলে প্রবেশের সময় বিজেপি কর্মী সমর্থকদের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের জন্য আলাদা কাউন্টারে ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়েছে। যদিও দলের একাংশের প্রশ্ন, ব্যাগ পরীক্ষা করে প্রবেশের ব্যবস্থা করা হলে সমস্যা কোথায় ছিল।
রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর সভায় বিপুল জনসমাগম হবে। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ থেকে কাতারে কাতারে মানুষ ব্রিগেডের দিকে আসতে শুরু করেছেন। সেই কথা মাথায় রেখে সভাস্থলে ৬৪ হাজার চেয়ার ও ৩৫টি বড় আকারের স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications