আরজি কর তুলে হুমকি...শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলা চিকিৎসকের
Shantipur Hospital: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার রেশ এখনও কাটেনি! ঘটনার কয়েকমাস কেটে গেলেও এখনও 'রাজপথ' ছাড়েননি আন্দোলনকারীরা। বিচারের দাবিতে এখনও চলছে আন্দোলন। আর এর মধ্যেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারককুমার বর্মণের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ।
শুধু তাই নয়, এক মহিলা চিকিৎসককে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ। আর এই অভিযোগে সংশ্লিষ্ট সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। যদিও এই ঘটনা মিথ্যা এবং সাজানো বলে পাল্টা দাবি করেছেন সুপার তারককুমার বর্মণ। ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর তরজা (Shantipur Hospital) ।

লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা স্বাস্থ্য দফতরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কাজ করছেন ওই মহিলা চিকিৎসক। তাঁর দাবি, কাজে যোগ দেওয়ার পর থেকেই নানা ভাবে তাঁকে হেনস্তা করা হচ্ছে।
রাতের ডিউটিতে আতঙ্কের পরিবেশ, এমনকি কাজ করার ক্ষেত্রে নিরাপত্তার অভাব আছে। এই বিষয়ে হাসপাতালের সুপার তারককুমার বর্মণকে জানানো হলে কোনও ব্যবস্থা নেননি বলেই অভিযোগ ওই মহিলার। কার্যত এই অবস্থাতেই দিনের পর দিন-রাত কাজ করতে হয়।
শুধু তাই নয়, সমস্ত ভুলেই কাজ করতে হয় বলেও দাবি ওই চিকিৎসকদের। কিন্তু গত ৩১ ডিসেম্বর, বছরের শেষ রাত পরিস্থিতি আয়ত্তের বাইরে যায় বলে অভিযোগ। ওই মহিলা চিকিৎসকের দাবি, গত ৩১ তারিখ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তাঁকে হুমকি দেন। শুধু তাই নয়, আরজি হাসপাতালের প্রসঙ্গ টেনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যা খুবই ভয়ঙ্কর বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই চিকিৎসক।
আর এরপরেই তারককুমার বর্মণের বিরুদ্ধে শান্তিপূর থানায় অভিযোগ দায়ের করেন। নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিসের ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী চিকিৎসক। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারককুমার বর্মণ।
তাঁর কথায়, ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে। এমন কোনও ঘটনা কিংবা হুমকি দেওয়া হয়নি বলেও দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications