SIR-এ বড় স্বস্তি রাজ্যের! 'চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ERO-রা', ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা
SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার বড় স্বস্তি পেল। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এই SIR প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভাররা কোনও রকম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। শুধুমাত্র ERO-রাই ভোটার তালিকা সংক্রান্ত শেষ সিদ্ধান্ত নেবেন।

শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকারের পাঠানো ৮ হাজার ৫০৫ জন গ্রুপ-বি আধিকারিককে আজ বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। সেইসঙ্গে জেলা কালেক্টরের কাছেও রিপোর্ট করতে হবে।
মাইক্রো অবজার্ভার নিয়োগ করা নিয়ে আগেই অনেক আপত্তি তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা ছিল যে, প্রায় ৮৩০০ জন মাইক্রো অবজার্ভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা রোল অবজার্ভারদের মাধ্যমে নির্বাচন কমিশনের অফিসে বসেই AI ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে। আর এই বিষয়েই আদালতে দীর্ঘ শুনানি হয়।
নির্বাচন কমিশন দাবি করেছিল যে, শুধু তালিকাই দেওয়া হয়েছে, নির্দিষ্ট নাম এখনও জানানো হয়নি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন, শুধু নাম দিলেই হবে না, সংশ্লিষ্ট অফিসারদের জেলা কালেক্টরের কাছে গিয়ে রিপোর্ট করতে হবে।
আদালত জানিয়ে দেয়, মাইক্রো অবজার্ভাররা শুধুমাত্র ERO এবং AERO-দের সাহায্য করবেন। তবে নির্বাচন কমিশন যদি চায় তাহলে ERO অথবা AERO বদল করতে পারবে।
রায়ের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন যে, "শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, মাইক্রো অবজার্ভাররা নাম বাদ দিতে পারবেন না। আর আজ সুপ্রিম কোর্টও সেটাই বলল।"
অন্যদিকে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য করেন যে, "সন্দেহজনক ভোটারদের নাম তালিকায় যদি রাখা হয় তাহলে ভবিষ্যতে ERO-দেরই তার দায় নিতে হবে।"
সমস্ত বিতর্কের মাঝেই শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই নির্দেশের পর কী সত্যিই ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে?












Click it and Unblock the Notifications