সাতসকালে অ্যাকশন মোডে ইডি! একাধিক জায়গায় চলছে তল্লাশি, কীসের অভিযোগ?
রাজ্যে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ ভোর হতে না হতেই পশ্চিম বর্ধমান জেলায় একের পর এক জায়গায় অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে যে, বালি এবং কয়লা পাচার সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান চালানো হচ্ছে।

আজ সকাল হতেই ইডির একটি বড় দল পশ্চিম বর্ধমানে পৌঁছয়। প্রথমে নবগ্রাম নামক এলাকায় এই অভিযান চালানো হয়। জানা যাচ্ছে যে, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড (Eastern Coalfields Limited)-এর আওতাধীন এলাকায় বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল এবং সেই কয়লা অবৈধভাবে পাচার করার অভিযোগও উঠেছিল। আর সেই অভিযোগ খতিয়ে দেখার জন্যেই এই তল্লাশি। প্রায় ২৫-৩০ জন ইডি আধিকারিক এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একসাথে এই অভিযান চলছে।
কেবল নবগ্রামই নয়, এর পাশাপাশি দুর্গাপুর এবং পাণ্ডবেশ্বর এলাকাতেও তল্লাশি চালাচ্ছে ইডি। দুর্গাপুরে বালি ব্যবসার সাথে যুক্ত বলে পরিচিত প্রবীর দত্তের বাড়িতে সাতসকালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। জানা যাচ্ছে যে, বহুদিন ধরেই তিনি বালির কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন। আগে তিনি পানাগড় এলাকায় থাকতেন। প্রায় দুই বছর আগে তিনি দুর্গাপুরে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করে সেখানেই বসবাস করতে শুরু করেন। ইডির নজরে এসেছে তাঁর সাম্প্রতিক বিদেশযাত্রাও। খবর অনুসারে, তিনি কিছুদিন আগেই দুবাই গিয়েছিলেন।
আজ ভোরের দিকেই তিন সদস্যের একটি ইডির টিম কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে প্রবীর দত্তের বাড়িতে তল্লাশি শুরু করে। অভিযোগ, প্রথমে ইডি আধিকারিকদের বাড়ির ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। পরে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় কার্যত জোর করেই বাড়িতে প্রবেশ করে ইডির টিম। বালির ব্যবসার সঙ্গে আর কারা কারা যুক্ত, এই চক্র আরও কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, সেই সমস্তটাই দিক খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
অন্যদিকে আবার, প্রবীর দত্তের ভাইয়ের বাড়িতেও ইডির একটি দল পৌঁছে গিয়েছে বলে খবর। একাধিক জায়গায় একসাথে অভিযান চালিয়ে আর্থিক লেনদেন এবং নথিপত্র খতিয়েও দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়লা পাচার মামলায় এর আগেও অনেকবার ইডির তৎপরতা নজরে এসেছে। সম্প্রতি আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানোর পর এবার দুর্গাপুরে এই অভিযান ঘিরে নতুন করে আবার চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।












Click it and Unblock the Notifications