মমতার মুখ মিলে গেল হিটলারের সাথে! 'একনায়ক ভীত'-ক্যাপশনে বঙ্গ BJP-র পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে
আগামী বছরই বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। শাসক এবং বিরোধী দলগুলির মধ্যে শুরু হয়েছে তীব্র বাক্যুদ্ধ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম রাজ্য। আর এই আবহেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই নতুন বিতর্কে আগুনে ঘি ঢালল বিজেপির রাজ্য শাখা।

সমাজ মাধ্যমে বিজেপির এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'একনায়ক' বলে কটাক্ষ করা হয়েছে। পোস্টে মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে নাৎসি নেতা অ্যাডলফ হিটলার (Adolf Hitler)-এর ছবি জুড়ে দেওয়া হয়েছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'একনায়ক ভীত (The dictator is rattled!!)'। বিজেপির এই পোস্ট ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।
The dictator is rattled!! pic.twitter.com/tylmnXziHQ
— BJP West Bengal (@BJP4Bengal) December 15, 2025
এর আগেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ টানটান ছিল। ফুটবল তারকা লিওনেল মেসির বহুল আলোচিত 'G.O.A.T' সফরকে ঘিরে কলকাতার স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে যে, চরম অব্যবস্থার কারণে মেসি মাত্র ১০ মিনিট মাঠে থেকে তারপরেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। অনেক দর্শক মোটা টাকা দিয়ে টিকিট কেটে এসেও হতাশ হয়েছেন, যা ক্ষোভের জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটার পর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চান এবং তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত। তবে বিজেপির তরফে সেই ক্ষমাকে 'কুমিরের কান্না' বলে কটাক্ষ করা হয়। তাদের দাবি, ঘটে যাওয়া এই ঘটনা বাংলা এবং ফুটবলের মর্যাদাকে অপমান করেছে। কংগ্রেসও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ী করেছে।
যদিও শাসকদল নিজেদের দায় এড়িয়ে গিয়ে জানিয়েছে যে, পুরো অনুষ্ঠানটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হয়েছিল। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের সরাসরি কোনও ভূমিকা ছিল না।
এদিকে, মেসির ভারত সফরের উদ্যোক্তা সংস্থার কর্তা শতদ্রু দত্তকে এই ঘটনার জেরে গ্রেপ্তারও করা হয়েছে। রবিবারই তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
সব মিলিয়ে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।












Click it and Unblock the Notifications