কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ?
মালদার কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘিরে বিক্ষোভ এবং জাতীয় সড়ক অবরোধের ঘটনায় রাজ্যে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সুকান্ত মজুমদার জানান যে, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, ৭জন বিচারবিভাগীয় আধিকারিককে শুধুমাত্র আটকে রাখা হয়নি, তাঁদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এমনকি যে পুলিশ সুপার উদ্ধার করতে গিয়েছিলেন তাঁর উপস্থিতিতেও মহিলা ম্যাজিস্ট্রেটদের গাড়িতে হামলা হয় বলে দাবি তাঁর। তিনি আরও বলেন যে, পরিকল্পনা করেই রাস্তা অবরোধ করে এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং এই পুরো ঘটনাটির পেছনে শাসক দলের প্ররোচনা রয়েছে।
অন্যদিকে ঘটনাটি নতুন নয় বলে দাবি করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য যে, কালিয়াচক এলাকায় আগেও এরকম অশান্তির নজির রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সেখানে আইনশৃঙ্খলার সমস্যা বহুদিনের।
উল্লেখ্য, গতকাল (বুধবার) বিকেল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল কালিয়াচক এলাকা। বিচারবিভাগীয় আধিকারিকদের ঘিরে সেখানে বিক্ষোভ শুরু হয় এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। অনেকক্ষণ ধরে আটকে থাকার পর রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং প্রায় মধ্যরাতের দিকে আধিকারিকদের নিরাপদে সরিয়ে আনা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে অবরোধ তুলে নেওয়া হলেও এলাকায় একই উত্তেজনা বজায় রয়েছে।
পুলিশের সাথে বের করে আনার সময় বিচারকদের গাড়ির কনভয়ের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। অন্যদিকে আবার স্থানীয়রা দাবি করেছেন যে, অকারণে পুলিশ লাঠিচার্জ করেছে।
সমস্তটা মিলিয়ে, ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications