ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য
আসন্ন বিধানসভা নির্বাচন কে ঘিরে রাজ্য রাজনীতিতে যখন উত্তাপ ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময়ই বীরভূমে দেখা দিল আতঙ্কের ইঙ্গিত। প্রার্থী তালিকা ঘোষণার পরদিন রাতেই বীরভূম জেলার নলহাটিতে ট্রাক্টর বোঝাই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য।
মঙ্গলবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জেরে জেলায় জেলায় রাজনৈতিক উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই রাতের অন্ধকারে সামনে আসে এই উদ্বেগজনক ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নলহাটিতে একটি ট্রাক্টর থেকে প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০টি ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ থেকেই গোটা ঘটনার সূত্রপাত, রাতের অন্ধকারে বাক্স বোঝাই ট্রাক্টর দেখে সন্দেহ হওয়ায় সেটিকে আটকে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ, ভেতরে মজুত বিপুল বিস্ফোরক।
তবে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় ট্রাক্টর চালক। ইতিমধ্যেই তার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ভোট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে। একদিকে বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে, অন্যদিকে একাধিক জেলায় প্রার্থী বাছাই ঘিরে বিক্ষোভও সামনে আসছে। বিজেপি প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, আর তৃণমূল জানিয়েছে ২৯১ জন প্রার্থীর নাম।
তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমকও নজরে পড়েছে। বহু বর্তমান বিধায়ক টিকিট পাননি। চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন ও দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি মনোজ তিওয়ারি, বিবেক গুপ্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, রত্না দে নাগ, পরেশ পাল সহ মোট ৭৩ জন বিধায়ক টিকিট পাননি।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিষ্ঠান বিরোধিতার মোকাবিলা করতেই এই বড়সড় রদবদল। অনেক ক্ষেত্রেই আসন বদল করা হয়েছে, আবার অনেক জায়গায় নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে।
ভোটের আগে রাজনৈতিক লড়াই যেমন তীব্র হচ্ছে, তেমনই নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। বীরভূমের এই বিস্ফোরক উদ্ধার যেন সেই আশঙ্কাকেই আরও একবার সামনে এনে দিল।












Click it and Unblock the Notifications