দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, রাত ও ভোরে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে কখনও তাপমাত্রা নামছে, তো কখনও আবার চড়ছে। দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন ফের কি জাঁকিয়ে শীত পড়বে? সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিল আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, এবছর আর কড়া শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই। তবে তাই বলে শীত পুরোপুরি বিদায়ও নিচ্ছে না এখনই। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকবে। বিশেষ করে রাত ও ভোরের দিকে ঠান্ডার অনুভূতি থাকবে, যদিও দিনের বেলায় শীতের দাপট কার্যত উধাও।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি। চলতি সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।
বৃষ্টির সম্ভাবনা নিয়ে আপাতত স্বস্তির খবর। রবিবার পর্যন্ত কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা কুয়াশা পড়তে পারে, তবে ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি হয়নি।
উত্তরবঙ্গেও আবহাওয়ার ছবিটা প্রায় একই রকম। রাতের তাপমাত্রায় বড় বদলের সম্ভাবনা নেই, তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং বাদে উত্তরের পাহাড়ি জেলাগুলিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি, আর সমতলের জেলাগুলিতে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, আবহাওয়া থাকবে শুষ্ক।
সব মিলিয়ে, শীত বিদায়ের পথে হলেও এখনই গরমের দাপট নয়, রাতের ঠান্ডা আর দিনের উষ্ণতার মিশ্র আবহাওয়ায় আপাতত এভাবেই কাটবে আগামী কয়েকদিন।












Click it and Unblock the Notifications