বাংলায় উষ্ণতা বাড়ছে, শীতের অপেক্ষায় রাজ্যবাসী, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
ডিসেম্বর প্রায় শেষের পথে, কিন্তু বাংলায় কনকনে শীতের দেখা নেই। বরং উল্টোদিকে সামান্য ঊর্ধ্বমুখী তাপমাত্রা। নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে যে শীতের আমেজ মিলেছিল, তা এখন অনেকটাই উধাও। শীত যেন লুকোচুরি খেলছে বাংলার সঙ্গে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। চলতি সপ্তাহে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি, যা মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ১৬.৭ ডিগ্রিতে। রাতারাতি প্রায় এক ডিগ্রি পারদ বাড়ায় হতাশ শহরবাসী।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে নামবে প্রকৃত শীত? অন্যদিকে দেশের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় একাধিক রাজ্যে জারি হতে পারে সতর্কতা। ১৮ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি, তীব্র বাতাস, শৈত্যপ্রবাহ ও পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
চলতি বছরে ইতিমধ্যেই বহু রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। নদী, পুকুর ও বাঁধ উপচে পড়েছে, বিপর্যস্ত হয়েছে জনজীবন। তার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাসে বাড়ছে উদ্বেগ।
আবহাওয়াবিদদের মতে, প্রথম পশ্চিমা ঝঞ্ঝা ১৮ ডিসেম্বর ও দ্বিতীয়টি ২০ ডিসেম্বর সক্রিয় হবে। এর প্রভাবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা প্রবল। পাশাপাশি সমতলে ঠান্ডা হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমতে পারে।
তবে বাংলার ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রাতেও বড়সড় পতনের ইঙ্গিত নেই। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদিও কুয়াশা বাড়তে পারে বলে আগাম সতর্কতা জারি করা হয়েছে।
সব মিলিয়ে, উত্তর ভারতে যখন শীতের থাবা বসানোর প্রস্তুতি, তখন বাংলায় ডিসেম্বরের শেষেও শীত এখনও অধরাই।












Click it and Unblock the Notifications