কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস
কালবৈশাখীর কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা স্বস্তি এসেছে। গত সোমবার রাতে আচমকা ঝড় এবং বৃষ্টিতে ভিজেছে গোটা কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে গাছের ডাল ভেঙে পড়া থেকে শুরু করে হোর্ডিং ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এদিন বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে এই কারণে, রাতের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমে গিয়েছে। মঙ্গলবার দিনের বেলাও তাপমাত্রা প্রায় সাড়ে ৩ ডিগ্রি কম ছিল।

তবে আজ দুই ২৪ পরগনা, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে, যদিও দুপুরের দিকে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম লাগতে পারে।
অন্যদিকে বাঁকুড়া, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় আবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস যে, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় সপ্তাহের শেষ পর্যন্ত এই বৃষ্টির প্রবণতা থাকতে পারে।
উত্তরবঙ্গেও সেই একই অবস্থা। আজ থেকে শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications