এসআইআরের ভয়ে ধর্মপালনে বাধাদানে প্রাণঘাতী হামলার চেষ্টা, বিক্ষোভে না দমে বড় হুঁশিয়ারি শুভেন্দুর
কালীপুজোর উদ্বোধনে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রমণ করা হয় তাঁর কনভয়েও।
শুভেন্দুর দাবি, তৃণমূল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়েই এই প্রাণঘাতী হামলার চেষ্টা করেছে। পুলিশকর্তাদেরও হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

আজ মথুরাপুরের রায়দিঘী সাতঘড়ায় প্রথমে পুজো উদ্বোধন করেন শুভেন্দু। এরপর যান পাথরপ্রতিমা ও আমতলায়। মন্দিরবাজার ও মথুরাপুরে শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কারও হাতে দলীয় পতাকা ছিল না। তবে তৃণমূল নেত্রী রেখা গাজি দাবি করেছেন, কেন্দ্রীয় বঞ্চনা আর শুভেন্দুর নানাবিধ মন্তব্যের কারণেই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষ।
শুভেন্দু রায়দিঘীতে বলেন, আমি যাতে না আসতে পারি রাস্তাতে দুটি জায়গায় প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতিতে সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা চালানো ভাইদের পাশে দাঁড়াতে সব বাধা অতিক্রম করে এসেছি। রক্তদান শিবির ও কালীমাতার মূর্তি উন্মোচন করে ফুল দিয়েছি। অশুভ শক্তিকে বিনাশ করতে হবে। বোনেরা আমার হাতে ত্রিশূল দিয়েছেন। তা দিয়ে দিদি, বোন, কন্যাদের সুরক্ষিত রাখব। অভয়া থেকে দুর্গাপুরের ঘটনা দেখিয়েছে কন্যারা সুরক্ষিত নন। সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হবে।
শুভেন্দু আরও বলেন, ভারতীয় মুসলিমরা আমাদের সহ নাগরিক। তবে অনুপ্রবেশকারীরা প্রবেশ করায় দক্ষিণ ২৪ পরগনাতেও মূলবাসীদের সংখ্যা কমেছে। যে হিন্দুরা আছেন তাঁরা ধর্মপালন করতে পারছেন না, সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বাধাপ্রাপ্ত হচ্ছে। অনেকেই সম্পত্তি জলের দরে বেচে সোনারপুর, বারুইপুর, কলকাতায় চলে যাচ্ছেন। বাংলাদেশে কিন্তু হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে। এখানে আজ দলের ঝান্ডা নেই। হিন্দু হিসেবে এসেছি। পার্টিকে ভোট দাও বলতে আসিনি। ঝান্ডা নিয়ে আসিনি। রাস্তায় আটকানোর চেষ্টা হয়েছে। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, ধাক্কা মারছে গাড়িতে। ধর্মপালন করতে এসেছি। বিজেপি করতে নয়। ভোট চাইতে নয়। মায়ের দর্শনে, হিন্দু ধর্মপালনে বাধা দিচ্ছে কারা? সমবেত কণ্ঠে জবাব আসে জেহাদিরা। শুভেন্দুর কথায়, আমার সিকিউরিটি থাকে, এলওপির পদমর্যাদা আছে আপনাদের আশীর্বাদে। আমি চলে যাব, পুলিশ চলে যাবে। কিন্তু আপনারা কোথায় আছেন? হিন্দু শক্তি কোথায়? যে হিন্দুরা তৃণমূল বা সিপিআইএম করছেন ভাবুন। ধর্মপালন করতে বাধাদান! এর শেষ আছে।
এরপর পাথরপ্রতিমায় কালীপুজোর উদ্বোধন করে শুভেন্দু বলেন, সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। প্রণবানন্দের পথ তেমন হলে ধরতে হবে। আমরা আত্মবলিদানে প্রস্তুত। জগদ্ধাত্রী পুজোর পর ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে আসব। আমাকে ঠেকাতে পারবে না! সব ভিডিও, ছবি তোলা রইল। হিন্দুরা আমার উপর আক্রমণ করেননি, তাঁরা পিছন থেকে নমস্কারও করেছেন। বাংলাদেশ থেকে আসা জেহাদিদের দিয়ে আজকের ঘটনা ঘটানো হয়েছে।
শুভেন্দু বলেন, এরপর আমতলায় যাব। যা ভাইপোর এলাকা নয়, আমাদের সনাতনীদের এলাকা। ইভিএমে সেলোটেপ ঢেকে রাখা! সুন্দরবনের এসপি কয়লা চোর কোটেশ্বর রাও আজ প্রাণঘাতী হামলা চালিয়েছেন। মনে রাখবেন, আপনাকে আগেও দিল্লিতে তলব করা হয়েছে। রায়দিঘীর আইসির ফোন স্যুইচ অফ ছিল। আর তো কয়েক মাস। তারপর আপনার হাতে যাতে ফোন না থাকে তা নিশ্চিত করব। বদলও হবে বদলাও হবে। নন্দীগ্রামে আমি করে দেখিয়েছি। এবার দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি আসনে পদ্মফুল ফোটানোর বিষয়ে আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications