'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই একাধিক আর্থিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরোহিত ও মোয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হবে। এতদিন ধরে এই দুই সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রত্যেক মাসে মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতেন। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে সেই টাকার পরিমাণ বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। সেইসঙ্গে বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) ২৫ শতাংশ মার্চ মাস থেকেই দেওয়া শুরু করবে রাজ্য সরকার।

তবে মুখ্যমন্ত্রীর এরকম একটি ঘোষণাকে তীব্রভাবে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি যে, ভোট ঘোষণার পর এরকম সুবিধা কার্যকর করা সম্ভব নয়। তাই যে ঘোষণাগুলি মুখ্যমন্ত্রী করেছেন সেগুলো বাস্তবে কেউ পাবে না।
শুভেন্দুর বক্তব্য যে, "নির্বাচন ঘোষণা হওয়ার পরে নতুন করে ভাতা অথবা আর্থিক সুবিধা বাড়ানোর কোনও নিয়ম নেই। এর ফলে মুখ্যমন্ত্রীর ঘোষণাগুলি কার্যত বাস্তবায়িত হবে না এবং মুখ্যমন্ত্রীর টুইট হিসেবে পুরো ঘোষণাটাই থেকে যাবে।" তাঁর অভিযোগ যে, এই ঘোষণা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যই করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ রবিবার বিকেলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। আর তার কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী এই ভাতা বৃদ্ধি এবং ডিএ দেওয়ার কথা জানিয়েছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে বিভিন্ন ভাতা এবং আর্থিক প্রকল্প এখন সবথেকে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে। বিহারের সাম্প্রতিক নির্বাচনেও ভোটের আগে এইরকম আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে অনেকেই মনে করেছেন। আর সেই প্রেক্ষাপটেই বাংলাতেও এই ঘোষণা নিয়ে রাজনৈতিক আলোচনা জোরদার হয়েছে।












Click it and Unblock the Notifications