সুপ্রিম কোর্টের মামলায় জনগণের কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার, দাবি শুভেন্দুর
সুপ্রিম কোর্টে আই-প্যাক (I-PAC) সংক্রান্ত ইডি (ED) মামলার শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পদে থাকা একজন ব্যক্তির দুর্নীতি ও গুরুতর অসদাচরণ আড়াল করতে জনসাধারণের অর্থের অপব্যবহার করা হচ্ছে।
শুভেন্দু দাবি করেন, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে সরকার পর্যাপ্ত অর্থ ব্যয় করে না। অথচ, "দামি আইনজীবী" নিয়োগ করে রাজ্যের "দুর্নীতিকে সমর্থন" করতে কোটি কোটি টাকা খরচ করছে।

শুভেন্দু বলেন, "এটি মুখ্যমন্ত্রীর পদে থাকা একজন ব্যক্তির দুর্নীতি ও গুরুতর অসদাচরণ আড়াল করতে জনসাধারনের অর্থের অপব্যবহারের এক প্রকৃষ্ট উদাহরণ।" সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশকে রাজ্যের "দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্রের" উন্মোচন বলেও তিনি অভিহিত করেন। তাঁর অভিযোগ, আদালত ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর (FIR) স্থগিত রেখে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে রাজ্য সরকারের পদক্ষেপকে দুর্বল করেছে।
শুভেন্দু অধিকারী আরও জানান, ইডি সুপ্রিম কোর্টের কাছে ডিজিপি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ সিনিয়র পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে DoPT (Department of Personnel and Training)-কে বলেছে। একইসঙ্গে তিনি দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় আই-প্যাক মালিকের বাড়ি থেকে "সবুজ ফাইল চুরি" করেছেন; মোবাইল ফোন বাজেয়াপ্তের অভিযোগে তাঁকেও তলব করা হতে পারে।
শাসক দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর অভিযোগের সরাসরি জবাব দেয়নি। তবে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, গত সপ্তাহে আই-প্যাক অফিসে ইডি-র তল্লাশি সংক্রান্ত "কিছু তথ্য" তাঁদের কাছে রয়েছে এবং তাঁরা আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ইডি-র পদক্ষেপকে "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে অভিহিত করেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইডি-র তদন্ত ও আই-প্যাক অফিসে তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দেওয়ার অভিযোগকে "গুরুত্বপূর্ণ" বলেছে। আদালত পর্যবেক্ষণ করে, ইডি-র আবেদনে বড় প্রশ্ন জড়িত, যা অমীমাংসিত থাকলে রাজ্যে "আইনহীনতা" দেখা যেতে পারে।
আদালত গত ৮ জানুয়ারি আই-প্যাক-এ অভিযান চালানো ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরগুলি স্থগিত করেছে। এ ছাড়াও, আই-প্যাকের বিরুদ্ধে অভিযানে তল্লাশি চলাকালীন বাধাদানের মামলায় সিবিআই তদন্ত চেয়ে ইডির করা আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, ডিজিপি রাজীব কুমার-সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের নোটিশ জারি করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।












Click it and Unblock the Notifications