মুখ্য তথ্য কমিশনার নিয়োগে পদ্ধতিগত ত্রুটি! রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এদিন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। এই নিয়োগের বিরুদ্ধে টুইট করেছেন বিরোধী দলনেতা।
বিরোধী দলনেতা রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বিজ্ঞপ্তি টুইট করে বলেছেন, নিয়োগ কমিটির সদস্য হিসেবে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ করার সময় তিনি আপত্তি করেছিলেন। কেননা শূন্যপদ পূরণ সংক্রান্ত তথ্য ভালভাবে প্রচারিত হয়নি। তারপরেও রাজ্যপাল এই নিয়োগ নিয়ে এগিয়ে গিয়েছেন।

টুইটে নিয়োগের বিজ্ঞপ্তির সঙ্গে তিনি রাজ্য সরকারের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য বৈঠকে তিনি কেন উপস্থিত থাকতে পারেননি, সেই সংক্রান্ত চিঠিও প্রকাশ করেছেন। প্রসঙ্গত ১৫ ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী সেই চিঠি পাঠিয়েছিলেন অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকাকে। তিনি অভিযোগ করেছিলেন বৈঠকের আলোচ্যসূচি রীতি অনুযায়ী তাঁকে আগাম জানানো হয়নি।

এপর একটি টুইটে বিরোধী দলনেতা বলেছেন, নির্বাচিত ব্যক্তি রাজ্য পুলিশের একজন প্রাক্তন ডিজি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছিল। তাঁর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের প্রতি অনুগত থাকার অভিযোগ উঠেছিল। যে কারণে তাঁকে নির্বাচন সংক্রান্ত সব কাজ থেকে বাদ দিতে বলা হয়েছিল। এই নিয়োগকে দুর্ভাগ্যজনক বলেছেন শুভেন্দু।

মুখ্য তথ্য কমিশনার নিয়োগে পদ্ধতিগত ত্রুটির কথা বলতে গিয়ে টুইটে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ট্যাগ করেছেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেছেন জাতীয় কোনও সংবাদ মাধ্যমে এব্যাপারে বিজ্ঞাপন দেওয়া হয়নি। তিনি বলেন, এই পদের জন্য ১৫ জন আবেদনপত্র জমা দিলেও, বীরেন্দ্রকেই যে নেওয়া হবে, তা আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল।
রাজ্য সরকারের তরফে অবশ্য শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী না গেলেও ১৫ ফেব্রুয়ারি হওয়া মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরেন্দ্রকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন। পরে সরকারের সিদ্ধান্ত মত দেন রাজ্যপাল।
সাধারণভাবে মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করতে গেলে বৈঠক ডাকতে হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীর থাকার কথা। বৈঠকে শুভেন্দু অধিকারী ছিলেন না। তিনি কেন থাকতে পারছেন না তাও জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীই সেই বৈঠকে আবেদনপত্রগুলির থেকে বীরেন্দ্র নাম মুখ্য তথ্য কমিশনার হিসেবে প্রস্তাব করেন।












Click it and Unblock the Notifications