Suvendu Adhikari: “সবচেয়ে বড় গদ্দার মমতা, পৃথিবী গোল, সব হিসেব হবে,” বারুইপুরের সভায় আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari: ১৯ মার্চ তাঁর বিক্ষোভ কর্মসূচিতে হামলা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে সেই বারুইপুরে প্রতিবাদ কর্মসূচিতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় গদ্দার বলে আক্রমণ শুভেন্দুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা ভাইপো বলেও কটাক্ষ বিরোধী দলনেতার। সেই সঙ্গে শুভেন্দু হুঁশিয়ারি, "পৃথিবী গোল, সব হিসেব হবে।"
তেইশের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় ভোটই হয়নি বলে দাবি শুভেন্দু অধিকারীর। হিন্দু ভোটারদের ভোটই দিতে হয়নি বলে অভিযোগ। শুভেন্দু বলেন, "একুশেও একের পর এক বিজেপি কর্মীকে খুন করেছেন। এই জেলায় গণতন্ত্র বলে কোনও শব্দ নেই। আমাদের ট্যাক্সের টাকায় কতগুলো চোর আইপিএস অফিসার এই জেলাকে জতুগৃহে পরিণত করেছে। একদিকে ক্যানিং, গোসাবা, ওদিকে মগরাহাট, মেটিয়াবুরুজে বিশেষ গুন্ডারা শান্তির ছেলেরা ভোট দিতে দেয়নি।"

মমতা আর ভাইপোর ইশারায় পুলিশ কাজ করছে বলে অভিযোগ শুভেন্দুর। তিনি বলেন, "ভাইপো অ্যান্ড কোম্পানি সারাজীবন থাকবে না। উত্তরপ্রদেশে ১০ বছর আগে মুলায়ম সিং যাদবরা থাকবে বলে লোক জানত। বিহারে লোকে বলত, সমোসা মে আলু, অর বিহার মে লালু। জঙ্গলরাজ ছিল। খতম হয়ে গেছে। অশ্বেমেধের ঘোড়া, নরেন্দ্র মোদী এসেছে। আটকাবেন কীকরে? ২১টা রাজ্যে বিজেপি।"
এরপরই তৃণমূলকে শুভেন্দুর সরাসরি হুঁশিয়ারি, "আমার গাড়ি তো ভাঙলেন। দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, কিন্তু আমরা এগুলো করি না। দিল্লি প্রদেশ বিজেপিকে ভিডিও গুলো দেখিয়ে যদি বলি, সংসদ পর্যন্ত পৌঁছতে পারবেন তো? আমরা এগুলো করি না। চিন্তা নেই। আমরা তো সমুদ্র। আর ওরা তো পঁচা এঁদো পুকুর।"
শুভেন্দু আরও বলেন, "পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি। অটলজির সঙ্গে বেঈমানি করেছেন। রাজীবজির সঙ্গে বেঈমানি করেছেন। কার সঙ্গে বেঈমানি করেননি? ১ হাজার ৯৫৬ ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিলাম। লোকসভায় অভিজিৎবাবুকে লিড দিয়েছি ৮ হাজার ভোটে। পলাশ ঢালির মতো পা চাটা আইপিএসদের পায়ে বেড়ি পরাতে হবে।"
হিন্দুদের এক হওয়ার বার্তা শুভেন্দুর। বারুইপুর থেখে ফের 'এক রাহেঙ্গে তো সেফ রাহেঙ্গে' স্লোগান শুভেন্দুর। বিরোধী দলনেতা বলেন, "আমি সিপিএম তাড়ানো লোক। বারুইপুরে সেদিন পারেনি, হাওড়ায় আঁচড়ে দিয়েছে। ভাইপোর মতো কালো কাঁচ লাগাই না। মমতার পুলিশ আঁচড়ে দিয়েছে। যা যা করছে, সুদ আসল সহ না তুলতে পারলে হিন্দুর বাচ্চা নই।" বারুইপুরে হামলা বিমান ব্যানার্জির সাজিয়ে দেওয়া বলেও বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications