রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির
SIR প্রক্রিয়া নিয়ে নতুন করে করা আবেদনে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আজ শুনানির সময় প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত মন্তব্য করেন যে, আগাম পিটিশন দাখিল করলে ভুল বার্তা পৌঁছয় এবং এতে এটা বোঝায় যে সংশ্লিষ্ট পক্ষ ব্যবস্থা অথবা সিস্টেমের উপর কোনও ভরসা রাখতে পারছে না।

রাজ্যের পক্ষ থেকে আদালতে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূলের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী। তিনি অভিযোগ করেন যে, ভোটারের নাম তালিকা থেকে অনেক বাদ পড়েছে এবং সেই সমস্ত বাদ পড়া ভোটারদের নথিও গ্রহণ করা হচ্ছে না। তবে CJI স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে, "জুডিশিয়াল অফিসাররা বিষয়টি খতিয়ে দেখছেন এবং কোনও বৈধ ভোটারকে বাদ দেওয়া হবে না।"
এদিন বেঞ্চ জানায় যে, হাইকোর্টের প্রধান বিচারপতির তথ্য অনুসারে ইতিমধ্যেই অনেক আবেদন যাচাই হয়েছে। তাই এই পর্যায়ে নতুন আবেদনকে 'প্রিম্যাচিওর' বলে মন্তব্য করে পিটিশন প্রত্যাহারের পরামর্শ দেন CJI। সেইসঙ্গে সতর্ক করে বলেন যে, যদি প্রয়োজন হয় তাহলে আদালত অবমাননার নোটিসও দেওয়া হতে পারে।
আদালত নির্দেশ দিয়েছে যে, প্রক্রিয়া দ্রুত শেষ করে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে জুডিশিয়াল অফিসারদের পূর্ণ সহযোগিতা করতে হবে। সেইসঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা তাড়াতাড়ি প্রকাশ করার কথাও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications