DA Case in Supreme Court: সময়ের অভাবে ডিএ মামলা শুনতেই পারল না শীর্ষ আদালত, ফের কবে শুনানি?
DA Case: সুপ্রিম কোর্টে ঝুলেই রইল ডিএ মামলা। মঙ্গলবার তালিকায় থাকলেও মামলাটি শুনানির জন্য উঠলই না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা মঙ্গলবার ৫ নম্বর কোর্টে ৫১ নম্বরে তালিকাভুক্ত হয়েছিল। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতা এর বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও তা এদিন হয়নি। পরবর্তী শুনানির দিনক্ষণও স্পষ্ট করে জানা যায়নি।
কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন কি না তা নিয়ে এদিনের মামলার দিকে তাকিয়ে ছিলেন সকলে। শেষমেশ মামলা শোনার সময়ই হল না শীর্ষ আদালতের। এই নিয়ে প্রায় ১০ বারেরও বেশি সময় ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে। এর আগে ২৫ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলাটির শুনানি ছিল। সেবারেও শুনানি পিছিয়ে যায়।

গত ২৫ মার্চই জানা গিয়েছিল, প্রায় এক মাস পিছিয়ে ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। নতুন বেঞ্চে যায় ডিএ মামলা। এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল। শুনানি শেষ হওয়ার আগেই অবসর নেন তিনি। ফলে শেষবার ২০২৪ সালের ১ ডিসেম্বরের পর তিন মাস মামলাটি শুনানির জন্য ওঠেনি। মার্চে পিছিয়ে যাওয়ার পর এপ্রিলে মামলার শুনানি ফের পিছিয়ে গেল।
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলায় ২০২২ সালের ২০ মে রাজ্যকে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ প্রদানের নির্দেশ দেয়। হাইকোর্টের মামালয় জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন, ইউনিটি ফোরাম ও সরকারি কর্মচারী পরিষদ। যদিও হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গত ২৮ নভেম্বরের শুনানিতে শীর্ষ আদালত জানায়, এনিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে।
১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। চলতি বছরের রাজ্য বাজেটেই সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এদিকে বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কাজের কেন্দ্রের ডিএ-র সঙ্গে বিস্তর ৩৫ শতাংশের ফারাক রয়েছে রাজ্যের।












Click it and Unblock the Notifications