আইপ্যাক মামলায় ফের ধাক্কা! টানা তৃতীয়বারের জন্য পিছোল শুনানির দিন, পরবর্তী তারিখ কবে? জানাল শীর্ষ আদালত
আইপ্যাক সংক্রান্ত মামলায় আবারও পিছিয়ে গেল শুনানি। আজ এই বিষয়টি উঠেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র (Prashant Kumar Mishra) এবং বিচারপতি সঞ্জীব মেহতা (Sanjeev Mehta)-র বেঞ্চে। তবে নির্ধারিত দিনে শুনানি হয়নি। ফলে এই নিয়ে টানা তিন বার আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল।

ঘটনাপ্রবাহ শুরু হয় ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকে। মামলাটি ওই দিন তালিকাভুক্ত ছিল। কিন্তু ইডি আদালতে আবেদন জানায় যে, রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য তাদের কিছুটা সময় প্রয়োজন। সেইসঙ্গে তারা পাল্টা হলফনামা দাখিল করার ইচ্ছেও প্রকাশ করে। আদালত ইডির সেই আবেদন মঞ্জুর করে এবং এক সপ্তাহ পর শুনানির দিন ধার্য করে।
এরপর ১০ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক হয়। কিন্তু সেই দিনও মামলার কোনও অগ্রগতি হয়নি। রাজ্যের পক্ষে সওয়াল করা আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকার কারণে শুনানি স্থগিত রাখতে হয়। আদালত তখন জানিয়ে দেয়, পরবর্তী তারিখে এই বিষয়টি শোনা হবে।
আজ ফের মামলাটি ওঠে। কিন্তু আজও কেন্দ্রের সলিসিটর জেনারেল আদালতে জানিয়ে দেয় যে, রাজ্যের বক্তব্যের জবাব প্রস্তুত থাকলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়নি। খুব তাড়াতাড়িই সেই নথি জমা দেওয়া হবে বলেও জানানো হয়। এরকম পরিস্থিতিতে বিচারপতি মিশ্রের বেঞ্চ শুনানি এক মাস পিছিয়ে দেয়।
শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, আইপ্যাক মামলার পরবর্তী শুনানি হবে ১৮ মার্চ তারিখে। এর ফলে আরও এক মাস পর্যন্ত এই বহুচর্চিত মামলার শুনানি ঝুলেই রইল।












Click it and Unblock the Notifications