Bengal Recruitment Scam: সুপ্রিম কোর্টে জামিন মানিক-পুত্রের! নিয়োগ দুর্নীতির টাকাতে বিপুল সম্পত্তি করার অভিযোগ
Bengal Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায়। জামিন পেলেন শৌভিক ভট্টাচার্য। ধৃত শৌভিক তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুত্র। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথলের ডিভিশন বেঞ্চ।
দীর্ঘ শুনানি শেষে শর্তসাপেক্ষে মানিক-পুত্র শৌভিককে জামিন দেয় শীর্ষ আদালত। এর আগে প্রাথমিক দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) জামিন পেয়েছেন ধৃত তৃণমূল বিধায়কের স্ত্রীও।

প্রাথমিক দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) ২০২২ সালে গ্রেফতার হতে হয় মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরুপা এবং ছেলে শৌভিক ভট্টাচার্যকে। ঘুরপথে দুর্নীতির ঘটনা তাঁদের অ্যাকাউন্টেও গিয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকি তাঁদের নামে যে বিশাল স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে তা নিয়োগ দুর্নীতির টাকাতেই কেনা হয়েছে বলেও দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শুধু তাই নয়, মানিক-পুত্র শৌভিকের একটি সংস্থা রয়েছে। আর সেই সংস্থা রাজ্যের বিভিন্ন বেসরকারি বিএড সংস্থাগুলি থেকে বিপুল টাকা তুলেছিল। বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে সেই টাকা তোলা হয়। কিন্তু কোনও সুবিধাই ওই সমস্ত বিএড কলেজগুলিকে দেওয়া হয়নি বলেও ইডির তদন্তে উঠে এসেছে।
আর সেই সমস্ত অভিযোগেই (Bengal Recruitment Scam) শতরুপা এবং শৌভিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। এমনকি নিয়োগ দুর্নীতি মামলায় যে সাপ্লিমেন্টরি চার্জশিট দেওয়া হয়েছে তাতেও মানিকের স্ত্রী শতরূপা এবং শৌভিকের নাম রয়েছে। যদিও গত কয়েকদিন আগেই শতরূপাকে জামিন দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁকে আর হেফাজতে রাখার প্রয়োজন মনে করছে না আদালত। আর সেই যুক্তি দেখিয়েই কার্যত শতরূপাকে জামিন দেয় আদালত। তবে একাধিক শর্ত চাপানো হয়েছে। স্পষ্ট জানানো হয় রাজ্যের বাইরে মানিক জায়া যেতে পারবেন না। এমনকি ইডির কাছে পাসপোর্ট জমা রাখার নির্দেশও দেন বিচারপতি ঘোষ।
আর এরপরেই কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান শৌভিক। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তা খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মানিক পুত্র। গত কয়েকমাস আগেই এই বিষয়ে আবেদন জানান। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথলের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুত্রের জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত।












Click it and Unblock the Notifications