ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ বাংলায়, মমতাকে নিশানা সুকান্তের
ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই 'দ্য কেরালা স্টোরি'র প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে বাংলায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, 'দ্য কেরালা স্টোরি' নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, কেন সন্ত্রাসবাদীদের সঙ্গে ধর্মকে জড়াচ্ছেন তিনি?
সুকান্ত মজুমদার বলেন, দ্য কেরালা স্টোরি সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি সিনেমা। আসলে এই ধরনের ঘটনা বাংলাতেও হয়। তাই মুখ্যমন্ত্রী এই ছবি প্রদর্শিত হতে দিচ্ছেন না। তাঁর অভিযোগ, বাংলার মেয়ে বাংলাদেশে জেএমবির হয়ে টাকা তুলতে গিয়ে ধরা পড়েন। তারপর তাঁকে মগজধোলাই করে, ধর্মান্তর করে বিয়ে করা হয় এবং তাঁকে জেএমবির কাজে লাগানো হয়।

সুকান্তের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই ধরনের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন, কোনও জায়গায় পোস্টার লাগানো চলবে না। জোর করে এই ছবির প্রদর্শন বন্ধ করা হচ্ছে। আসলে আমাদের মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতি করছেন।
এরপর সুকান্ত বলেন, বিরোধীরাই তো বলেন সন্ত্রাসবাদের কোনও সংগঠন হয় না। কেন তাহলে মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদীদের সঙ্গে ধর্মকে জড়াচ্ছেন? এর আগেও অনেক দায়িত্ব উনি নিয়েছেন। কিন্তু কোনো দায়িত্ব উনি পালন করেননি। এখন সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মকে মিশিয়ে রাজনীতি করতে চাইছেন।

সুকান্ত মজুমদার অভিযোগ করেন, অর্জুন সিং কিংবা বাবুল সুপ্রিয় জিতলে উনি বলেছিলেন, সন্ন্যাস নিয়ে নেবেন। কিন্তু উনি রাজনৈতিক সন্ন্যাস নেননি। তারপর তাঁদের ফের নিজের দলে নিয়েছেন। তাহলেই বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। বাংলার মানুষও বুঝতে পেরেছেন, উনি মিথ্যা কথা বলেন।
সুকান্তের কথায়, ২০১৮ সালেই পঞ্চায়েত ভোটে ১০০ জনের বেশি মৃত্যু হয়েছে। আবারও পঞ্চায়েত ভোট আসছে। সেখানেও জোর করে ভোট করানোর চেষ্টা হবে। সন্ত্রাসের আবহে ভোট হবে। তিনি অভিযোগ করেন, অভিষেকের নবজোয়ার কর্মসূচি চূড়ান্ত ফ্লপ। গতকালের কর্মসূচিতেও দেখা গিয়েছে চেয়ার ফাঁকা ছিল।

তাঁর কথায়, ওসব স্টান্টবাজি করে কোনো লাভ হবে না। বাংলার মানুষ জানে উনিও মিথ্যা কথা বলছেন। টিকিট তো পাবে সেই-ই, যিনি মাল দেবেন! অর্থাৎ টাকার বিনিময়েই যে তৃণমূলে টিকিট বিলি হয়, সেই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
উল্লেখ্য, ২০২৩-এর পঞ্চায়েত ভোটের আগে দু-মাসের নবজোয়ার জনসংযোগ কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গ থেকে শুরু করেছেন এই কর্মসূচি। কোচবিহার থেকে শুরু করে ক্যানিংয়ে শেষ করবেন নবজোয়ার জনসংযোগ যাত্রায়। তা নিয়ে প্রতিদিনই বিতর্ক বাধছে।












Click it and Unblock the Notifications