বিডিও-র নতুন অর্থ বের করলেন সুকান্ত, নাগরাকাটায় হামলাকারীদের গ্রেফতারি নিয়ে দিলেন বড় হুঁশিয়ারি
নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলাকারীদের কাউকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। এবার এই প্রসঙ্গে আল্টিমেটাম দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ড. সুকান্ত মজুমদার।
আজ মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে আহত সাংসদ ও বিধায়কের সঙ্গে দেখা করে সুকান্ত জলপাইগুড়ি জেলার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শনে যান।

গতকাল খগেন ও শঙ্করের সঙ্গে দেখা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, যে রক্ত ঝরেছে তার বদল হবে বদলাও হবে। এফআইআর নিয়ে আইনি পথে গিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সব ধরনের বন্দোবস্ত করার আশ্বাসও দিয়েছিলেন শুভেন্দু। আজ একই সুর শোনা গেল সুকান্তর গলাতেও। এরই মধ্যে শঙ্কর ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে আসতে চাইলেও তিনি অনুমতি দেননি। খগেন মুর্মু কথা বলতে পারছিলেন না। তাই অনুমতি না দেওয়ার প্রশ্ন ছিল না। মিনিট দেড়়েক খগেনের ওখানে থেকে মুখ্যমন্ত্রী ফোটোশ্যুট করেছেন। শুভেন্দু বলেছেন, মমতা ভয় পেয়েই হাসপাতালে ছুটে এসেছিলেন।
দলের সাংসদ, বিধায়কদের উপর হামলা, ত্রাণ বিলিতে বাধাদানের প্রসঙ্গে সুকান্ত আজ বলেন, তৃণমূল প্ল্যান করে এ সব করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোঁসা হয়েছে। কারণ, তিনি যখন কার্নিভালে নাচছিলেন, তখন বিজেপির সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি থেকে শুরু করে বিজেপির কর্মীরা যে যতটা পেরেছেন ত্রাণ নিয়ে মানুষের পাশে, মানুষের সঙ্গে থেকেছেন। এতেই ওদের এতো গোঁসা, এতো রাগ! বিজেপির উপর তাই হামলা হচ্ছে। আমি আল্টিমেটাম দিয়ে এসেছি। হামলাকারীরা ইতিমধ্যেই চিহ্নিত। পুলিশ কিছু না করলে আমরা ১ মাসের মধ্যে নাগরাকাটায় হামলাকারীদের নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা করব। তৃণমূলের বাবাও বাঁচাতে পারবে না।
বিডিও-র পুরো অর্থ বেচারা দিদির অফিসার বলে কটাক্ষ করে সুকান্ত বলেন, গোয়ালবাড়ি, নন্দনপুরে বিজেপির পঞ্চায়েত রয়েছে। কিন্তু প্রশাসন থেকে প্রধানকে কোনও সাহায্য করা হচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন থেকে পালিয়ে এসে অনেকে এখানে বাস করছেন। আর প্রশাসন রাজনীতি করছে। বিজেপির বিডিওকে বিতরণের জন্য কোনও ত্রাণ দেওয়া হয়নি। তৃণমূলকে দেওয়া হচ্ছে। বিডিওকে বলব, পলিটিক্সবাজি বন্ধ করুন। রাজনীতি বন্ধ না করলে এখানকার মানুষ আপনাকে বেচারা বানাবে। রাজনীতি সরিয়ে প্রধানের মাধ্যমে মানুষজনকে সাহায্য করুন। আমাদের কর্মীরাও ত্রাণ, রিলিফ ক্যাম্প জারি রাখবে। বিজেপি রাজনৈতিক দল হিসেবে সাধ্য ও সামর্থ্যমতো এই কাজ চালিয়ে যাবে।












Click it and Unblock the Notifications