আচমকা রাজ্যপাল পদ থেকে ইস্তফা সিভি আনন্দ বোসের, কারণ ঘিরে জল্পনা
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় চমক। আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস। কেন এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন, সেখান থেকেই রাষ্ট্রপতি ভবনে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রাজভবন সূত্রে জানা গিয়েছে, তাঁর পদত্যাগপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছে রাষ্ট্রপতি ভবন। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) বিষয়টি নিশ্চিত করে জানান, রাজ্যপাল দিল্লি থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের নভেম্বর মাসে। অর্থাৎ প্রায় কুড়ি মাস আগেই তিনি পদ ছাড়লেন। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক বিষয়ে সরব ছিলেন বোস। রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনাও করেছেন তিনি। তাঁর আমলে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে, যা রাজনীতির অন্দরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।
এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার দিল্লি থেকে হঠাৎ করেই পদত্যাগপত্র পাঠান তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বোস।
এদিকে তাঁর ইস্তফার পর আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে।
উল্লেখযোগ্য বিষয়, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসে শেষ দুই স্থায়ী রাজ্যপালকেই মাঝপথে পদ ছাড়ার ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বোসের আগে রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। পরে তিনি দেশের উপরাষ্ট্রপতি হন, তবে সেই পদ থেকেও আচমকাই ইস্তফা দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছিল।
ফলে ভোটের আগে রাজ্যপালের এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল ও জল্পনা আরও বাড়ছে।












Click it and Unblock the Notifications