ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নতুন অধ্যায়। নির্বাচন কমিশন প্রকাশ করল চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকা, যেখানে জায়গা পেয়েছে প্রায় ২ লক্ষ নাম। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও অমীমাংসিত এই প্রক্রিয়ায় ঠিক কত জন ভোটারের নাম চূড়ান্তভাবে বাদ পড়ল, তা স্পষ্ট করে জানানো হয়নি।

কমিশন সূত্রে ইঙ্গিত, 'বিবেচনাধীন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশের নাম ছেঁটে ফেলা হয়েছে। যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে পৃথক করে প্রকাশ করা হয়নি, ফলে সংশয় থেকেই যাচ্ছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ধাপে ধাপে তালিকা প্রকাশের পথে হাঁটছে কমিশন। ২৮ ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত তালিকার প্রাথমিক অংশ প্রকাশের পর, ২৩ মার্চ আসে প্রথম অতিরিক্ত তালিকা। তারপর একেবারে টানা তিন দিনে শুক্রবার গভীর রাতে দ্বিতীয়, শনিবার তৃতীয় ও রবিবার চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশ করে কমিশন।

পরিসংখ্যান বলছে, প্রথম অতিরিক্ত তালিকায় প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় তালিকার সময় নিষ্পত্তি হয় প্রায় ৩৭ লক্ষ নামের। শনিবার পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৮ লক্ষে। কিন্তু এই বিপুল সংখ্যক নিষ্পত্তির মধ্যে কত জন নতুন করে বৈধ ভোটার হিসেবে যুক্ত হলেন আর কত জন তালিকা থেকে বাদ গেলেন এই গুরুত্বপূর্ণ তথ্য এখনও আড়ালেই রেখেছে কমিশন।

উল্লেখযোগ্যভাবে, ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকা প্রকাশের সময় 'বিবেচনাধীন' ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই বিপুল তথ্য যাচাইয়ের দায়িত্বে রয়েছেন ৭০৫ জন বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে নিষ্পত্তির ফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। খসড়া তালিকায় বাদ পড়ে যায় ৫৮ লক্ষেরও বেশি নাম। পরে চূড়ান্ত তালিকায় আরও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যায়। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।

চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশের পরও তাই প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কারা থাকবেন ভোটার তালিকায়, আর কারা হারাবেন সেই অধিকার? কমিশনের পরবর্তী ঘোষণার দিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+