ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির
ভোটের আগে রাজ্যের রাজনীতি আবারও উত্তপ্ত। কেন্দ্রবিন্দুতে এবার নির্বাচন কমিশনের ফর্ম ৬ নতুন ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র। এই ফর্ম নিয়েই একে অপরের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি।
তৃণমূল যে ফর্ম ৬ এর কিছু ছবি প্রকাশ্যে এনেছিল, সেটাকেই হাতিয়ার করে পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। দলের দাবি, ওই সাতটি ফর্মের মধ্যে চারটি এমন ব্যক্তির, যাঁদের নাম আগে থেকেই তালিকা থেকে বাদ পড়েছে। আর বাকি ফর্মগুলি নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন। আবেদনকারীদের পদবি হিসেবে দে, বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচিত বাঙালি পদবির উল্লেখ করে বিজেপির অভিযোগ এতে স্পষ্ট, বাঙালি হিন্দুদের নাম তুলতেই বাধা দিতে চাইছে তৃণমূল।

বিজেপি তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে কটাক্ষ করে জানায়, তৃণমূল নিজেদের অভিযোগের ফাঁদেই জড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যও একই সুরে সরব হন। এমনকি সদ্য বিজেপিতে যোগ দেওয়া টেনিস তারকা লিয়েন্ডার পেজকেও 'বহিরাগত' বলা হয়েছে বলে দাবি তুলে বিতর্ক আরও উসকে দেন তিনি।
অন্যদিকে, এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা দাবি করেন, "বাঙালি হিন্দুদের নাম বাদ দিয়েছে বিজেপিই। মতুয়াদের রোহিঙ্গা তকমা দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করেছে ওরাই।" ফলে পাল্টা পাল্টি অভিযোগে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।
প্রসঙ্গত, ফর্ম ৬ জমা ঘিরে ইতিমধ্যেই রাজ্যে উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ভিন্রাজ্যের মানুষদের ভোটার তালিকায় ঢোকানোর জন্য বস্তাভর্তি ফর্ম ৬ জমা দিচ্ছে। এই অভিযোগ জানিয়ে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও এর দপ্তরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও একই অভিযোগ পুনরাবৃত্তি করা হয় শাসকদলের তরফে। এমনকি সিইও দপ্তরের বাইরে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বচসার ঘটনাও ঘটে।
এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আশ্বস্ত করে জানান, ফর্ম ৬ সহ বিভিন্ন নথি দপ্তরে নিয়ম মেনেই জমা পড়ে। নির্দিষ্ট যাচাই প্রক্রিয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় কার নাম তালিকায় উঠবে।
এদিকে, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ভোটের আগে ফর্ম ৬ কে ঘিরে রাজনৈতিক সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট।












Click it and Unblock the Notifications