তৃণমূলে ফিরলেন 'ঘরের ছেলে' শোভন, বৈশাখীকে নিয়েই, দিলেন বড় প্রতিশ্রুতি
তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূলে যোগদান করলেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করলেন তাঁরা।
উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর তাঁরা দেখা করতে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে তাঁরা দলীয় কোন পদ পাচ্ছেন তা এখনও জানানো হয়নি।

মেয়র ও মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ২০১৯ সালের অগাস্ট মাসে শোভন বিজেপিতে যোগ দিয়েছিলেন। ছিলেন বৈশাখীও। বিজেপিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বিষোদ্গারও করেন। যদিও কিছুদিন পরেই মোহভঙ্গ হয়। এমনকী ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি নিষ্ক্রিয় ছিলেন। এরপর নানা সময় তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা চলেছে।
চলতি বছর দুর্গাপুজোর আগে শোভন ও বৈশাখী অভিষেকের সঙ্গে দেখা করেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকাকালীন তাঁর সঙ্গে গিয়ে দেখা করেছিলেন শোভন ও বৈশাখী। এরপর শোভনকে এনকেডিএর চেয়ারম্যান করা হয়। তখনই স্পষ্ট হয়েছিল তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা।
আজ অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের কর্মযজ্ঞে সামিল হতে দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনক্রমে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দলে অন্তর্ভুক্তি হচ্ছে। ঘরের ছেলে ঘরে ফিরলেন। তৃণমূল কংগ্রেসের বৃহত্তর পরিবারের সদস্য হিসেবে তাঁরা কাজ শুরু করছেন।
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলে যোগদান করাতে পেরে আমি আপ্লুত। তাঁদের স্বাগত জানাই।
শোভন বলেন, আমার ধমনী, শিরা তৃণমূল কংগ্রেস। এটা নিজের ঘর, নিজের সংসার। আত্মিক যোগাযোগ আছে। ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক চাইবেন, বক্সিদা (সুব্রত বক্সী) চাইবেন সেইমতোই দায়িত্ব পালন করব।
শোভন আরও বলেন, দলের রাজ্য সভাপতি বক্সিদা আর আমি দুই ভাই। দীর্ঘদিনের বন্ধু অরূপ (বিশ্বাস)। তাঁরা এখানে রয়েছেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। দলকে শক্তিশালী করতে যে দায়িত্ব অর্পণ হবে তা পালন করব। কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে এনকেডিএর দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানেও কাজ আছে। নিজের সিনসিয়ারিটি, ডিগনিটি দিয়ে সব ধরনের চেষ্টা করব। ত্রুটি রাখব না, এ ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমার ডিউটি সুন্দর ঘরকে আগামী দিন আরও বেশি করে সামিল হয়ে সমগ্র শক্তি দিয়ে শক্তিশালী করে তোলা।












Click it and Unblock the Notifications