শোভন-বৈশাখী অবশেষে বিজেপির কর্মসূচিতে! একুশের আগে সক্রিয় হওয়ার ইঙ্গিত
শোভন-বৈশাখী অবশেষে বিজেপির কর্মসূচিতে! একুশের আগে সক্রিয় হওয়ার ইঙ্গিত
শোভন-বৈশাখী অবশেষে বিজেপির প্রতিনিধি দলে মুখ দেখালেন। বিজেপিতে যাওয়ার পর ১৫ মাসে একটিবারও বিজেপির মঞ্চে বা কর্মসূচিতে তাঁদের দেখা মেলেনি। সোমবার উত্তরকন্যা অভিযানের পর রাজ্যপালের কাছে নালিশ জানাতে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

শোভন-বৈশাখী অবশেষে অন্তরাল থেকে বেরিয়ে কর্মসূচিতে
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন-বৈশাখী একপ্রকার অন্তরালে থেকেছেন এতদিন। বাড়িতে বিজেপি পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক ছাড়া তাঁদের লাইমলাইটে আসতে দেখা যায়নি। দুদিন আগে বৈশাখীকে নিয়ে তিনি রাজভবনে এসেছিলেন। সেটাও আক্ষরিক অর্থে বিজেপির কর্মসূচি নয়। বৈশাখীর কর্মস্থলে সমস্যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁদের প্রকাশ্যে আসা।

শাহ-মেননের পর্যায়ক্রমে বৈঠকে বিজেপিমুখো শোভন-বৈশাখী
সোমবার প্রথম শোভন বিজেপির কর্মসূচিতে এলেন। বৈশাখীকে নিয়ে তিনি রাজভবনে এলেন বিজেপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে। দেখতে গেলে এটাই শোভন বা বৈশাখীর প্রথম বিজেপির কর্মসূচি। দিলীপ ঘোষের সংবর্ধনায় যোগ দেওয়ার পর শোভন-বৈশাখী যেভাবে বিগড়ে ছিলেন, অমিত শাহ ও অরবিন্দ মেননের পর্যায়ক্রমে বৈঠকে তাঁরা বিজেপিমুখো হয়েছেন।

শোভন ও বৈশাখীকে গুরুত্ব দেওয়ার আশ্বাসের পরও...
সম্প্রতি অমিত শাহ বাংলা সফরে এসেছিলেন। তিনি সেই বঙ্গসফরে শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠক করেন। শোভন ও বৈশাখীকে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এবং বঙ্গ নেতৃত্বকেও বার্তা দেন শোভন চট্টোপাধ্যায়ের মতো বড় মাপের নেতাকে কোথায় কীভাবে ব্যবহার করতে হবে, সেই সম্বন্ধে।

দিলীপের ফোনে মানভঞ্জন! ধীরে ধীরে সক্রিয় শোভন-বৈশাখী
যদিও তারপরও শোভন-বৈশাখীদের দেখা যায়নি কোনও কর্মসূচিতে। তারপর ফের অরবিন্দ মেনন রাতভর শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠক করে তাঁদের লাইনে নিয়ে আসেন। আবার পরদিন সকালেই দিলীপ ঘোষের ডাকে বিজয়া সম্মিলনীতে যোগদান নিয়ে তরজা শুরু হয়। বৈশাখীকে আমন্ত্রণ না জানিয়ে অপমান করা হয়েছে বলে শোভনও যাননি। শেষমেশ দিলীপের ফোনে মানভঞ্জন হয়। তারপরই প্রথম কর্মসূচিতে যোগ দেন শোভন ও বৈশাখী।












Click it and Unblock the Notifications