উপকূলে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে উত্তরের আকাশ?
ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে এদিন সপ্তাহের শুরু থেকেই গাঙ্গেয় বঙ্গে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। উপকূলে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ভাসাতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গকে।
ঘূর্ণাবর্তের আশঙ্কায় বাংলা ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। গত কয়েকদিন তীব্র রোদ ও গরমে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। দিনের বেলা তো বটেই রাতের দিকেও শহুরে এলাকায় অস্বস্তি ভাব বজায় রয়েছে। এই অবস্থায় বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।

হাওয়া অফিস আগেই জানিয়েছে, মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন কয়েক এই অবস্থা বজায় থাকবে।
উত্তরবঙ্গে কিছু ব্যক্তিক্রম ছাড়া বৃষ্টি নাগাড়ে হয়েই চলেছে। প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। দিনের বেলা সেই অস্বস্তি চরমে উঠেছে। ভাদ্রের গরম ও প্রবল অস্বস্তি বজায় রয়েছে। নিম্নচাপের বৃষ্টি কিছু সময়ের জন্য হলেও স্বস্তি দেবে।
এদিন সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।












Click it and Unblock the Notifications