উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, দক্ষিণে কি বহাল থাকবে তীব্র দহনজ্বালা, কী বলছে হাওয়া অফিসের রিপোর্ট?
দক্ষিণবঙ্গে আপাতত গরম কমার সম্ভাবনা নেই। আগামী সাত দিন তাপমাত্রার তেমন বড় হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট আপাতত অব্যাহত থাকবে। তবে দক্ষিণবঙ্গে কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অবশ্য পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে আন্দামান ও নিকোবরের কিছু অংশে অবস্থান করছে।

আগামী কয়েকদিনের মধ্যে এটি আন্দামানের বাকি অংশ, আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের আরও বিস্তৃত অঞ্চলে প্রবেশ করবে। এর প্রভাবে এই সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বাড়বে, অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম অসহ্যকর অবস্থায় পৌঁছবে।
উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তি বাড়বে। আগামী দু'দিন বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রায় বিশেষ পরিবর্তন আসবে না। পশ্চিমের জেলাগুলিতে চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাবে। কলকাতায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি, আর অধিকাংশ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ঝড়বৃষ্টি দেখা গেলেও, সপ্তাহ গড়ালে সেই সম্ভাবনা হ্রাস পাবে।












Click it and Unblock the Notifications