দার্জিলিং থেকে দিঘা-সুন্দরবন, সরকারি বাসে বিনামূল্যে সারা রাজ্যে ভ্রমণ করতে পারবেন মহিলারা, ঘোষণা নতুন সরকারের
নবান্নে নতুন বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর মহিলাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবার থেকে স্বল্প দৈর্ঘ্যের সরকারি বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। পাশাপাশি, ১ জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পও।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির 'সংকল্প পত্রে' মহিলাদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, যার মধ্যে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত অন্যতম। এই সুবিধা দূরপাল্লার বাসেও কার্যকর হবে কিনা, তা নিয়ে যে ধন্দ ছিল, এদিন মন্ত্রীর ঘোষণায় সেই সংশয় মিটল।

সরকার গঠনের দশদিনেরও কম সময়ে এদিন আরও একটি বড় প্রতিশ্রুতি পূরণ করা হল। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা নিয়েও সংশয় ছিল। অগ্নিমিত্রা পল ফের নিশ্চিত করেছেন যে, যেসব মহিলা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে মাসিক ৩ হাজার টাকা করে পাবেন। যারা নতুন করে আবেদন করতে চান, তাদের জন্য শীঘ্রই একটি অনলাইন পোর্টাল চালু করা হবে।












Click it and Unblock the Notifications